লিঙ্গবিদ্বেষের বাজারে ক্ষোভ সবার, ব্যবসা কারও কারও

ব্যক্তিগত ক্ষোভ থেকে অনলাইন বিদ্বেষ, আর সেই বিভাজনকে পুঁজি করে রাজনৈতিক ও ডিজিটাল ব্যবসা।

● মাজহারুল মাসুম

অক্টোবর ২৯, ২০২৬

লিঙ্গবিদ্বেষের বাজারে ক্ষোভ সবার, ব্যবসা কারও কারও | দ্য পাবলিশ The Publish

ইলাস্ট্রেশন : দ্য পাবলিশ


৬ বছরের বিবাহিত জীবন ভেঙে যাওয়ার পর এক রাতে ফেসবুকে নিজের অভিজ্ঞতা লিখলেন নাফিসা, বয়স তার ২৯, চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। সেই পোস্টের নিচে মন্তব্যের বন্যা। কেউ তাঁকে সান্ত্বনা দিচ্ছেন, কেউ নিজের অভিজ্ঞতা জানাচ্ছেন। আবার কেউ লিখছেন, ‘সব পুরুষ মানুষ একই রকম, কাউকে বিশ্বাস করা যায় না।’

একইভাবে, বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তামিমের দিকে তাকানো যাক। পড়াশোনা শেষ হওয়ার আগেই পরিবার থেকে উপার্জনের চাপ আসছে, এদিকে প্রেমিকার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। হতাশ হয়ে তিনিও ফেসবুকে কিছু কথা লিখলেন। সেখানেও মন্তব্যের ঘরে একই দৃশ্য। ‘টাকা ছাড়া পুরুষের কোনো দাম নাই’, ‘নারীদের বিশ্বাস করাই ভুল।’

দুজনেরই অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিগত, সম্পর্কের টানাপোড়েন থেকে তৈরি। অথচ মন্তব্যের ঘরে এসে অপরাধী হয়ে গেল পৃথিবীর সব নারী ও সব পুরুষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের দৃশ্য এখন নিত্যদিনের ঘটনা। একজন পুরুষ অন্যায় করলে পুরো পুরুষসমাজকে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে; একজন নারী প্রতারণা করলে শুরু হচ্ছে পুরো নারীজাতির বিচার। ব্যক্তিগত সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা থেকে একটি সম্পূর্ণ লিঙ্গপরিচয় সম্পর্কে সামগ্রিক নেতিবাচক ধারণা তৈরির এই প্রক্রিয়াটি মূলত ‘ব্যক্তিগত অভিজ্ঞতার সাধারণীকরণ’। এর মধ্য দিয়ে জন্ম নেয় ‘গোষ্ঠীগত পরিচয়ভিত্তিক পক্ষপাত’। অর্থাৎ, একজন নারী বা একজন পুরুষের অপরাধকে তার ব্যক্তিগত দায় হিসেবে না দেখে, সামগ্রিকভাবে নারী বা পুরুষবিদ্বেষে রূপান্তর করা।

তবে নারী ও পুরুষের প্রতি এই বিদ্বেষের প্রকাশভঙ্গি এক নয়। আমাদের সমাজে একজন পুরুষের মূল্য অনেক সময় নির্ধারণ করা হয় তাঁর চাকরি, আয় কিংবা পরিবারের দায়িত্ব নেওয়ার সামর্থ্য দিয়ে। অন্যদিকে, নারীর ক্ষেত্রে আক্রমণের প্রধান লক্ষ্যবস্তু হয় তাঁর চরিত্র ও শরীর। এই দুই ধরনের বিদ্বেষের সামাজিক প্রেক্ষাপট, মাত্রা ও পরিণতি এক না। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, উভয় ক্ষেত্রেই লিঙ্গপরিচয়কে ব্যবহার করে ব্যক্তির ওপর সাধারণীকৃত অপমান চাপিয়ে দেওয়া হয়।

ব্যক্তিগত হতাশা থেকে শুরু হওয়া এই লিঙ্গভিত্তিক বিদ্বেষ কেবল সাধারণ মানুষের মধ্যেই সীমাবদ্ধ নেই। ব্যক্তিগত অভিযোগ কীভাবে বৃহত্তর ডিজিটাল পরিসরে রাজনৈতিক ও অর্থনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হতে পারে।

সম্প্রতি জাতীয় নির্বাচন ও রাজনৈতিক পালাবদলের সময়কার ঘটনাগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, নারী রাজনৈতিক কর্মী ও প্রার্থীদের বিরুদ্ধে পরিকল্পিত ডিজিটাল অপপ্রচার চালানো হয়েছে। এটি প্রমাণ করে যে অনলাইন বিদ্বেষ কেবল ব্যক্তিগত ক্ষোভের বিষয় নয়, এটি সংগঠিত আক্রমণেরও একটি কার্যকর হাতিয়ার। চিকিৎসক ও রাজনৈতিক ব্যক্তিত্ব তাসনিম জারা এমন আক্রমণের শিকারের একটি বড় উদাহরণ। ডিসমিসল্যাবের অনুসন্ধানে দেখা যায়, তাঁর বিরুদ্ধে ছড়ানো ৬২টি ফেসবুক পোস্টে বিকৃত ছবি, যৌন ইঙ্গিতপূর্ণ ফটোকার্ড এবং এআই দিয়ে তৈরি ভিডিও-অডিও ব্যবহার করা হয়েছে। এসব পোস্টের ভিউ ছিল প্রায় ৭৪ লক্ষ ৩২ হাজার ৯০০।

একজন নারীর রাজনৈতিক বক্তব্যের জবাব তাঁর শরীর কিংবা যৌনজীবন দিয়ে দেওয়ার এই প্রচেষ্টার পেছনে একটি সুনির্দিষ্ট কারণ আছে। এটি মূলত রাজনৈতিক বিতর্কের জায়গা দখল করে নেয়। ভোটাররা তখন নীতি, প্রতিশ্রুতি বা জবাবদিহির বদলে চরিত্রের বিচারে ব্যস্ত হয়ে পড়েন।

এই আক্রমণ শুধু কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ না। দ্য ডেইলি স্টারের আরেক অনুসন্ধানে জুলাই আন্দোলনের মাধ্যমে পরিচিতি পাওয়া ১৫ জন নারীকে কেন্দ্র করে ১৩৯টি ফেসবুক পোস্ট বিশ্লেষণ করা হয়। দেখা যায়, প্রায় দুই-তৃতীয়াংশ পোস্টেই ছিল যৌন অবমাননা বা চরিত্র নিয়ে আক্রমণ। ১২ জন নারী অন্তত দুটি পরস্পরবিরোধী রাজনৈতিক পক্ষের আক্রমণের শিকার হয়েছেন। অর্থাৎ, রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও নারীকে অপমান করার ক্ষেত্রে নারীবিদ্বেষী হাতিয়ারটি অভিন্ন।

লিঙ্গবিভাজনের বাজারে ক্ষোভ সবার, ব্যবসা কারও কারও | দ্য পাবলিশ The Publish

তবে এই বিদ্বেষের বাজারে শুধু রাজনৈতিক পক্ষগুলোই জড়িত নয়; বরং এর নেপথ্যে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার ও সুবিধাভোগীদের আলাদা ভূমিকা রয়েছে।

দ্য ডিসেন্টের ‘১ টাকায় ১টি গালি’ শীর্ষক অনুসন্ধানে অর্থের বিনিময়ে অনলাইন আক্রমণ বিস্তারের একটি প্রাতিষ্ঠানিক রূপ উঠে এসেছে। সেখানে দেখা যায়, টাকার বিনিময়ে ফেসবুকের মন্তব্য, শেয়ার এমনকি নেতিবাচক আক্রমণও কেনাবেচা হচ্ছে। অনুসন্ধানী দল পরীক্ষামূলকভাবে তিন টাকা দরে দশটি নেতিবাচক মন্তব্য কিনে; অন্য একটি পেজ থেকে মাত্র দশ টাকায় কিনে আরও দশটি। এমন সেবা সরবরাহকারী অন্তত ২৫টি পেজ শনাক্ত করা হয়েছিল। এটি মূলত বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার কাজে যুক্ত সংঘবদ্ধ পেজ বা ইনফ্লুয়েন্সারদের কার্যক্রমের প্রমাণ।

এখানে ইনফ্লুয়েন্সারদের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটর ও সুবিধাভোগীদের বাণিজ্যিক স্বার্থও যুক্ত আছে। ডিসমিসল্যাব ২০২৫ সালের অক্টোবর থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত সংবাদমাধ্যমের আদলে তৈরি পাঁচটি স্যাটায়ার পেজের ৪ হাজার ২৪৩টি পোস্ট বিশ্লেষণ করে। এর মধ্যে ৯৯১টি ছিল নারীদের নিয়ে এবং ২৭৭টি ছিল যৌন আক্রমণাত্মক বা হয়রানিমূলক। ওই ২৭৭টি ফটোকার্ডের ১৮৩টিতেই ছিল লিঙ্গ বা যৌনতা-ভিত্তিক গালি।

পেজগুলোতে সংবাদমাধ্যমের মতো লোগো ও ডিজাইন ব্যবহার করে ব্যক্তিগত অপমানকে বিনোদন হিসেবে পরিবেশন করা হচ্ছে। অ্যাটেনশন ইকোনমিতে (মনোযোগনির্ভর অর্থনীতি) এ ধরনের এনগেজমেন্টনির্ভর কনটেন্টের চাহিদা প্রচুর। মানুষ হাসছে, শেয়ার করছে, নারী-পুরুষে বিভক্ত হয়ে তর্ক করছে, আর এর ফলে অ্যালগরিদম কনটেন্টের রিচ বাড়াচ্ছে। এই বিদ্বেষ থেকে রাজনৈতিক প্রচারক পাচ্ছেন প্রতিপক্ষকে ঘায়েল করার সুযোগ, অর্থের বিনিময়ে পরিচালিত ডিজিটাল বাহিনী পাচ্ছে কাজ, অপপ্রচারকারী পেজগুলো পাচ্ছে সস্তা এনগেজমেন্ট এবং প্ল্যাটফর্মগুলো পাচ্ছে বিজ্ঞাপননির্ভর আয়। নিশ্চিত প্রমাণ ছাড়া এদের সবাইকে একই উদ্দেশ্যে পরিচালিত সুসংগঠিত শক্তি বলার সুযোগ নেই ঠিকই, কিন্তু কাঠামোগত প্রণোদনার কারণে লিঙ্গভিত্তিক মেরুকরণের বাজারে এদের অনেকের স্বার্থই এক বিন্দুতে মিলে যাওয়ার সম্ভাবনা থাকে।

নারীর পোশাক নিয়ে বিচার, পুরুষের উপার্জন নিয়ে অপমান কিংবা সম্পর্কে ক্ষমতার অসমতা, এইসব ফেসবুক আসার আগেও ছিল। এখন অ্যালগরিদমনির্ভর দৃশ্যমানতার যুগে একটি বিদ্বেষমূলক মন্তব্য মুহূর্তে লাখো মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তবে অনলাইনে কোনো বক্তব্য বেশি দেখা যাচ্ছে মানেই সেটি সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত নয়, বা নারী-পুরুষের মধ্যে সর্বব্যাপী মেরুকরণ ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে, এমনটাও নয়। বরং এটি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর এমন এক কাঠামোগত প্রবণতার ইঙ্গিত দেয়, যেখানে বিদ্বেষমূলক বা উত্তেজনাপূর্ণ কনটেন্ট বেশি এনগেজমেন্ট পাওয়ায় অ্যালগরিদমের মাধ্যমে সেটির রিচ স্বয়ংক্রিয়ভাবে বেড়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।

এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে বড় কৌশল হলো মূল সমস্যা থেকে মনোযোগ সরিয়ে দেওয়া। যখন একজন পুরুষ সামাজিক ও অর্থনৈতিক চাপে পিষ্ট হন, তখন সমাধান না খুঁজে সামগ্রিকভাবে নারীর বিরুদ্ধে তাঁর ক্ষোভকে উসকে দেওয়া হয়; ফলে পুরুষের আসল সংকটটিই আড়ালে চলে যায়। আবার একজন নারী যখন রাজনৈতিক বা সামাজিক অধিকারের কথা বলেন, তখন তাঁকে চরিত্রহননের শিকার হতে হয়। আমরা ভুলে যাই, নারীর প্রতি কাঠামোগত বৈষম্য দূর করার অর্থ পুরুষের পরাজয় নয়; আবার পুরুষের কষ্ট ও সামাজিক চাপ নিয়ে কথা বলাও নারীর অধিকারের বিরোধিতা নয়।

ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তৈরি হওয়া সাধারণীকরণ যখন অনলাইনে গোষ্ঠীগত বিদ্বেষে রূপ নেয়, তখন নারী ও পুরুষ পরস্পরের প্রতিপক্ষ হিসেবে দাঁড়ায়। এই বিভাজন দিন শেষে কোনো পক্ষেরই অধিকার বা নিরাপত্তা নিশ্চিত করে না। বরং ব্যক্তিগত অপরাধ ও বঞ্চনাকে যখন একটি সম্পূর্ণ লিঙ্গপরিচয়ের বিরুদ্ধে বিদ্বেষে রূপান্তর করা হয়, তখন সেই মেরুকরণের চূড়ান্ত লাভ যাওয়ার সম্ভাবনা থাকে কিছু রাজনৈতিক সুবিধাবাদী বা ডিজিটাল কনটেন্ট ব্যবসায়ীদের ঘরে, যাদের কাছে মানুষের পারস্পরিক বিভাজন ও নেতিবাচক প্রতিক্রিয়াই সবচেয়ে বড় মূলধন।


Picture of মাজহারুল মাসুম

মাজহারুল মাসুম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী

শেয়ার করুন

পড়তে পারেন

শেখ হাসিনা ফিরতে চায়, কিন্তু পেছনে পড়ে আছে তাঁর পনেরো বছরের শাসনের নানা হিসাব। তাঁর প্রত্যাবর্তন কি হবে জবাবদিহির শুরু?

দ্য পাবলিশ

কবিতা, প্রেম, প্রতিবাদ আর লোকজ সুরে বাংলা গানকে আলাদা এক ভাষা দিয়েছিলেন সঞ্জীব চৌধুরী। তাঁর গান আজও ফেরে, ফাঁকা থাকে তাঁর আসন।

দ্য পাবলিশ

পাকিস্তানে খ্যাতি, বাংলাদেশে সম্মান, ভারতে ভালোবাসা। সীমান্ত পেরিয়ে কীভাবে সবার হয়ে উঠলেন রুনা লায়লা?

দ্য পাবলিশ

মানুষের মনোযোগ নাকি গোল্ডফিশের চেয়েও কম! আট সেকেন্ডের এই মিথ্যা কীভাবে ছড়াল, আর কারা একে ব্যবসার হাতিয়ার বানাল?

দ্য পাবলিশ

Scroll to Top