আর্ট ঢাকায় শিল্পের উৎসব, শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন

আর্ট ঢাকার নানা আয়োজন, শিল্পী, বাংলাদেশের শিল্পচর্চা এবং শিল্পবাজারের সংকটের ভেতর দিয়ে দেশের শিল্পজগতের অতীত, বর্তমান ও ভবিষ্যত।

● কালচারাল করেসপন্ডেন্ট

নভেম্বর ১০, ২০২৬

আর্ট ঢাকায় শিল্পের উৎসব, শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন | দ্য পাবলিশ The Publish

ইলাস্ট্রেশন : দ্য পাবলিশ / ছবি : ঢাকা আর্ট


কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি নিম্নমানের কনটেন্টে আজ আমাদের চারপাশ ক্রমেই ভরে উঠছে। সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট থেকে শুরু করে রাস্তার বিজ্ঞাপন, সর্বত্রই যন্ত্রের তৈরি কনটেন্টের এই দাপট। এর ভিড়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৃহত্তর সাংস্কৃতিক পরিসরেও ক্রমশ পেছনের সারিতে চলে যাচ্ছে মানুষের নিজস্ব শিল্পবোধ, সৃজনশীলতা ও মৌলিক প্রকাশভঙ্গি। তাই এখন আমাদের দরকার জীবনে ফেরা। যন্ত্রের তৈরি নিখুঁত, প্রাণহীন কনটেন্টের ভিড় থেকে বেরিয়ে মানুষের কাছে ফিরে যাওয়া। ফিরে যাওয়া হাতে লেখা চিঠিতে, বইয়ের পাতায়, সিনেমার অন্ধকার প্রেক্ষাগৃহে, গানের আসরে, কিংবা বন্ধুদের সঙ্গে উদ্দেশ্যহীন আড্ডায়। আবারও নিজের হাতে কিছু তৈরি করা, ভুল করা, নতুন করে শেখা, অনুভব করা এবং সেই অনুভূতিকে নিজের মতো করে প্রকাশ করা।

প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করবে, আমাদের হয়ে জীবন যাপন করবে না। অ্যালগরিদম আমাদের পছন্দ নির্ধারণ করবে না, কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের কল্পনাশক্তির জায়গা দখল করবে না। প্রযুক্তির সঙ্গে সহাবস্থান করেও মানুষ হিসেবে আমাদের যা স্বতন্ত্র, সেই অনুভূতি, কৌতূহল, সৃজনশীলতা ও পারস্পরিক সংযোগকে বাঁচিয়ে রাখাই এখন জরুরি। প্রযুক্তির এই অতিরিক্ত উপস্থিতির সময়ে মানুষের হাতে তৈরি শিল্প, তার ইতিহাস এবং সৃজনশীলতার গুরুত্ব নতুন করে উপলব্ধি করা জরুরি। কারণ শিল্পের সঙ্গে মানুষের সম্পর্ক কেবল কোনো কিছু দেখা বা উপভোগ করার নয়। এর সঙ্গে জড়িয়ে আছে সময়, স্মৃতি, প্রতিবাদ ও একে অপরের সঙ্গে সংযোগের গল্প। সেই সংযোগের খোঁজ মিলল শিল্পের নানা আয়োজন নিয়ে সাজানো ঢাকা আর্টে’র মেলার ভিতরেও। 

আর্ট ঢাকা : শিল্পের উৎসব, শিল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন | দ্য পাবলিশ The Publish
ছবি : আলোকি

মেলার ঢোকার মুখেই ইট সাজিয়ে বানানো এক গোলকধাঁধা। তার ভেতরে দুটি কাজ। একটিতে মেরিনা তাবাসসুম আর্কিটেক্টস ফুটপাতের ধারের পাঁচিল নিয়ে প্রশ্ন তুলেছে। এসব পাঁচিলের মাথায় প্রায়ই কাঁটাতার বা লোহার বর্শা বসানো থাকে। পরিকল্পনায় একটু বদল আনলে পাঁচিল কি মানুষের প্রতি একটু নরম হতে পারে, আর ঢাকা কি হকারের প্রতি সদয় হতে পারে? শহরের পাঁচিলকে শিল্পের বিষয় বানানোর সাহস আছে বটে। যে শহরে মানুষের চেয়ে পাঁচিলের যত্ন বেশি, সেখানে এই প্রশ্নটা মেলার সবচেয়ে ভদ্র প্রতিবাদ।

কাচঘরে সাজানো ‘লিপিং অ্যাক্রস টাইম’ ঘুরে দেখলে একটা ধারাবাহিকতা চোখে পড়ে। শুরুতে জয়নুল আবেদিনের ১৯৪৩ সালের দুর্ভিক্ষের পরের রেখা, তারপর নভেরা আহমেদের ভাস্কর্য, সত্তর-আশির দশকের নারী শিল্পীরা, আর ছাপচিত্রের শাহাবুদ্দিন আহমেদ ও মনিরুল ইসলাম। ঘটনা যখন ঝাপসা হয়ে ইতিহাসে মিশে যায়, তখন ছবিই থেকে যায় সাক্ষী হয়ে। এই কথাটা ধরে একটু পেছনে যাওয়া যাক।

প্যাকিং কাগজের ছবি

১৯৪৩ সালে বাংলায় যে দুর্ভিক্ষ হয়, তাতে অন্তত ৩০ লাখ মানুষ মারা গিয়েছিল। তখন জয়নুল আবেদিন কলকাতার আর্ট স্কুলের শিক্ষক। তিনি আঁকতে বসলেন। সস্তা প্যাকিং কাগজে চীনা কালি আর তুলি দিয়ে করা সেই ছবিগুলাতে না-খেতে-পাওয়া মানুষের হাড়সর্বস্ব শরীর ধরা পড়ল। ১৯৪৪ সালে প্রদর্শনীতে এগুলো তাঁকে বড় স্বীকৃতি এনে দেয়। দামি কাগজ আর রঙের দরকার হয়নি। বিষয়টাই ছিল যথেষ্ট ভারী।

দেশভাগের পর জয়নুল এলেন ঢাকায়। তখন ঢাকায় কোনো আর্ট ইনস্টিটিউট ছিল না, উল্লেখ করার মতো শিল্পচর্চাও ছিল না। সহকর্মীদের নিয়ে তিনি সরকারকে রাজি করালেন। ১৯৪৮ সালের নভেম্বরে তাঁর অধ্যক্ষতায় ক্লাস শুরু হলো, প্রতিষ্ঠানের নাম গভর্নমেন্ট ইনস্টিটিউট অব আর্টস। শুরুতে জায়গা ছিল খুবই অল্প। সেই ছোট স্কুলই আজকের চারুকলা। ১৯৮৩ সালে সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়, ২০০৮ সালে হয় ফ্যাকাল্টি। এক ঘরের স্কুল থেকে এত দূর আসা কম কথা না।
জয়নুল আরেকটি কাজও করেছিলেন। ১৯৭৫ সালে সোনারগাঁওয়ে লোকশিল্প ও কারুশিল্প ফাউন্ডেশন গড়েন। তাঁর বিশ্বাস ছিল, লোকশিল্পীকে অবহেলা করলে শিল্প বাড়ে না। এই টান আজও চোখে পড়ে। আর্ট ঢাকায় স্থাপত্য প্যাভিলিয়ন বাংলার স্থাপত্য আর উপকরণের ঐতিহ্য থেকে অনুপ্রেরণা নিয়েছে, আর কয়েকজন শিল্পীর কাজেও সেই ছাপ আছে।

কারা ছবি কিনে

শিক্ষা আর সৃষ্টির ব্যবস্থা দাঁড়াল, কিন্তু ছবি কেনাবেচার ব্যবস্থা দাঁড়াতে সময় লাগল। এই জায়গাটাই বাংলাদেশের শিল্পের সবচেয়ে দুর্বল অংশ।
বাংলাদেশে আনুষ্ঠানিক শিল্প বাজার বলে কিছু নাই, শুধু ছবি বিক্রি করে টিকে থাকা শিল্পীর জন্য কঠিন। শিল্প বিক্রি করে এমন গ্যালারির সংখ্যা খুবই কম, যা আছে তার বেশির ভাগই ঢাকাকেন্দ্রিক, খরচ বেশি ও ক্রেতা কম হওয়ায় টিকে থাকা কঠিন। ২০১৬ সালের এক প্রতিবেদনে দেখা গিয়েছিল, শিল্প আমদানিতে সংগ্রাহকদের ১২০ শতাংশ কর দিতে হতো। এই হিসাবটা পুরানো। তবে সমস্যাটা বোঝা যায়।

গ্যালারির দিক থেকেও চাপ আছে। গ্যালারি টিকে থাকে বিক্রির টাকায়, আর ক্রেতারা চায় প্রতিষ্ঠিত শিল্পীর কাজ। ফলে তরুণ শিল্পী পা রাখার জায়গা পান কম। তরুণ শিল্পীদের অর্থসংকট, প্রাতিষ্ঠানিক সহায়তার অভাব আর আন্তর্জাতিক মঞ্চে সীমিত প্রবেশাধিকারের কথাও উঠে আসে। শিল্পের এই বাজার মূলত শহরকেন্দ্রিক, ঢাকা আর চট্টগ্রামের বাইরে তার নাগাল কম।
এই ফাঁক ভরার চেষ্টা কিছু হয়েছে। সামদানি আর্ট ফাউন্ডেশন ২০১১ সালে যাত্রা শুরু করে, আর ২০১২ সাল থেকে ঢাকা আর্ট সামিট আয়োজন করে আসছে। শিল্পপতি আবুল খায়েরের বেঙ্গল ফাউন্ডেশন আশির দশকের শেষ দিকে গড়ে ওঠে। দুইটাই ব্যক্তিগত উদ্যোগ। রাষ্ট্র আর প্রতিষ্ঠানের ভূমিকা যেখানে কম, সেখানে কয়েকজন ধনী সংগ্রাহকের ওপর ভর করেই শিল্পের বড় আয়োজনগুলা চলছে। সেটা সুখবর, আবার একটু দুশ্চিন্তারও।

আর্ট ঢাকার আয়োজকেরা কথাটা ভালোই ধরেছেন। তাঁরা চান তরুণরা শিল্প নিয়ে কৌতূহলী হোক, সংগ্রহের দিকে ঝুঁকুক, আর একটা টেকসই শিল্প-পরিবেশের অংশ হোক। মেলায় অংশ নেওয়া রিতুরূপা তালুকদারের কাজ ইতিমধ্যে ক্রেতা পেয়েছে। একজন তরুণ শিল্পীর পক্ষে এটা ছোট ঘটনা নয়। তবে মেলা একটা সপ্তাহের ঘটনা। শিল্প টিকে থাকে বছরজুড়ে, স্টুডিওতে, ক্লাসরুমে, গ্যালারির বিক্রিতে। ■


Picture of কালচারাল করেসপন্ডেন্ট

কালচারাল করেসপন্ডেন্ট

কালচারাল করেসপন্ডেন্ট শিল্প, সাহিত্য, সংগীত, চলচ্চিত্র, থিয়েটার ও সমসাময়িক সাংস্কৃতিক প্রবণতা নিয়ে প্রতিবেদন, ফিচার ও বিশ্লেষণ প্রকাশ করে।

শেয়ার করুন

পড়তে পারেন

কবিতা, প্রেম, প্রতিবাদ আর লোকজ সুরে বাংলা গানকে আলাদা এক ভাষা দিয়েছিলেন সঞ্জীব চৌধুরী। তাঁর গান আজও ফেরে, ফাঁকা থাকে তাঁর আসন।

দ্য পাবলিশ

পাকিস্তানে খ্যাতি, বাংলাদেশে সম্মান, ভারতে ভালোবাসা। সীমান্ত পেরিয়ে কীভাবে সবার হয়ে উঠলেন রুনা লায়লা?

দ্য পাবলিশ

মানুষের মনোযোগ নাকি গোল্ডফিশের চেয়েও কম! আট সেকেন্ডের এই মিথ্যা কীভাবে ছড়াল, আর কারা একে ব্যবসার হাতিয়ার বানাল?

দ্য পাবলিশ

কাফকার গল্পে দুঃস্বপ্নের সঙ্গে বাস্তবতার ফারাক ক্রমেই মুছে যায়। সেখানে মানুষ লড়াই করে এমন এক ব্যবস্থার বিরুদ্ধে, যার নিয়ম আছে, কিন্তু নাই ব্যাখ্যা ও যুক্তি।

সাঈদ হোসাইন শান্ত

Scroll to Top