মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক সাবেক প্রধানমন্ত্রী বলছেন, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। তাঁকে ফেরত চাওয়া সরকার বলছে, ফিরলে তাঁকে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে। আশ্রয়দাতা দেশ ভারত বলছে, বিষয়টি আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। দলটির কার্যক্রম নিষিদ্ধ। শেখ হাসিনা কি সত্যিই ফিরবেন? ফিরলে তাঁর জন্য কী অপেক্ষা করছে? আর তাঁর প্রত্যাবর্তন কি কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার ঘটনা, নাকি এর সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের বিচারব্যবস্থা, রাজনৈতিক বৈধতা এবং পনেরো বছরের শাসনের হিসাব?
ফেরার ঘোষণা
৫ অগাস্ট ২০২৬, বুধবার সন্ধ্যা। দিল্লিতে সাংবাদিকদের একটি সংগঠনের আয়োজনে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলন। পর্দায় মুখ নেই, আছে শুধু কণ্ঠ। কণ্ঠটি শেখ হাসিনার, যিনি ঠিক দুই বছর আগে এই তারিখে ঢাকা ছেড়েছিলেন। শেখ হাসিনা জানালেন, ডিসেম্বরে দেশে ফিরবেন। নির্দিষ্ট তারিখ বললেন না, জানালেন সময় হলে জানাবেন। সঙ্গে দাবি, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
ঢাকার প্রতিক্রিয়া এল দ্রুত। পররাষ্ট্র মন্ত্রণালয় জানাল, একজন পলাতক দণ্ডিত ব্যক্তিকে সরাসরি গণমাধ্যমে কথা বলতে দেওয়ায় তারা ক্ষুব্ধ। ভারত সরকারও দূরত্ব তৈরি করে জানাল, অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের আয়োজন, এতে সরকারের কোনো ভূমিকা নেই। ঘর দিল্লিতে, কণ্ঠ দিল্লিতে, আর দিল্লির দাবি, সে কিছুই জানত না।
হাসিনার এই ঘোষণাটি অবশ্য একেবারে নতুন ছিল না। তার আগে জুলাইয়ে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারেই তিনি প্রথম ডিসেম্বরের কথা বলেন। তখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তাদের অবস্থানে কোনো বদল নেই। প্রত্যর্পণ একটি আইনি বিষয়, সেভাবেই দেখা হবে।
সবশেষ ৫ নভেম্বর। অ্যাসোসিয়েটেড প্রেসের ইমেইল প্রশ্নের উত্তরে তিনি লিখলেন, মৃত্যুই যদি নিয়তি হয়, তবে নিজের দেশের মাটিতে নিজের মানুষের মাঝে মরাই শ্রেয়। সিদ্ধান্ত বদলায়নি। তিনি স্বীকার করেছেন, ফিরলে গ্রেপ্তার, কারাদণ্ড, নির্যাতন, এমনকি মৃত্যুও হতে পারে।
এরপর ৯ নভেম্বর তাঁর ফেরার পরিকল্পনায় নতুন মাত্রা যোগ হয়। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনা দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেন। তাঁর আইনজীবীদের পাঠানো চিঠিতে বাংলাদেশের নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার আইনের বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়। তবে বাংলাদেশ সরকার আবেদনটি প্রত্যাখ্যান করে। রয়টার্সের প্রতিবেদন বলছে, হাসিনা আদালতে আত্মসমর্পণ করতেই ফিরতে চান বলে জানিয়েছেন। তাঁর সহযোগীরা বলেছেন, আনুষ্ঠানিকতা শেষ হলে ফেরার তারিখ জানানো হবে।
বাংলাদেশ সরকারের অবস্থানও স্পষ্ট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, তাঁকে কোনো পাসপোর্ট বা ভ্রমণ-অনুমতি দেওয়ার প্রশ্ন নেই। ফেরত আনা হবে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তির পথে। ১৪ নভেম্বর আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানও জানিয়েছেন, শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ আইনি প্রক্রিয়ার প্রয়োজনীয় পদক্ষেপ সম্পন্ন করেছে। ভারত এরপর কী করবে, সেটি তাদের বিষয়। ১৬ নভেম্বর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামও বলেছেন, বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফেরত চায়।
এই ঘোষণার ভেতরে একটি অদ্ভুত জ্যামিতি আছে। যে মানুষটিকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার বারবার আনুষ্ঠানিক অনুরোধ পাঠিয়েছে, তিনি নিজেই বলছেন, তিনি ফিরবেন। যে দেশ তাঁকে ফেরত দেবে কি না, তা নিয়ে মাসের পর মাস আইনি পর্যালোচনা চালাচ্ছে, তার কাছে তাঁর স্বেচ্ছায় চলে যাওয়াটা হয়তো সবচেয়ে সুবিধাজনক সমাধান হতে পারে। কিন্তু সে কথা প্রকাশ্যে বলা সহজ নয়। আর যে দলকে তিনি পনেরো বছর চালিয়েছেন, সেটি এখন নিষিদ্ধ; দলের বহু নেতা পলাতক, কয়েকজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত।
তিনটি পক্ষ একই ঘটনার তিনটি আলাদা অর্থ পড়ছে। হাসিনার কাছে ফেরা রাজনৈতিক অবাধ্যতার কাজ। বাংলাদেশের কাছে এটি ন্যায়বিচার, রাজনৈতিক বৈধতা আর স্থিতিশীলতার পরীক্ষা। ভারতের কাছে এটি কূটনৈতিক ও কৌশলগত সমস্যা। তবে এই প্রত্যাবর্তনের প্রশ্নটি বুঝতে হলে আগে ফিরে যেতে হবে ২০২৪ সালের অগাস্টে। যে ক্ষমতা একসময় তার কাছে এতটাই দৃঢ় মনে হয়েছিল যে তিনি নিজের বিকল্প নিয়ে বারবার প্রশ্ন করতেন, সেই ক্ষমতা মাত্র কয়েক দিনের মধ্যে কীভাবে ভেঙে পড়ল?
ক্ষমতা থেকে পতন
কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ২০২৪ সালের জুলাইয়ে সরকারবিরোধী গণ-অভ্যুত্থানে রূপ নেয়। জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) অনুসন্ধান মতে, ১ জুলাই থেকে ১৫ অগাস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন। সংখ্যাটি অনুমানের ঊর্ধ্বসীমা। কিন্তু অনুমানের নিচের সীমাও যে কোনো সরকারের জন্য ভয়ংকর।
৩ অগাস্ট সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সেনা কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন। সেই বৈঠকের পর থেকেই হাসিনার ক্ষমতার ওপর চাপ বাড়তে থাকে বলে বিভিন্ন সূত্র জানায়। রয়টার্সের একটি অনুসন্ধানে বলা হয়, সেনাপ্রধান জানিয়ে দেন, তাঁর সৈন্যরা প্রধানমন্ত্রীর চাওয়া কারফিউ কার্যকর করতে পারবে না। আরেকটি প্রতিবেদন অনুযায়ী, জেনারেলরা সিদ্ধান্ত নেন, কারফিউ ঠেকাতে তাঁরা নাগরিকদের ওপর গুলি চালাবেন না। ৫ অগাস্ট সেনাপ্রধান টেলিভিশনে ভাষণ দিয়ে জানান, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং অন্তর্বর্তী সরকার গঠিত হবে। হাসিনার পতনের শেষ মুহূর্তের নির্ধারক ছিল সেনাবাহিনীর অবস্থান। অর্থাৎ যে সরকার বছরের পর বছর রাষ্ট্রযন্ত্রের বলপ্রয়োগের ওপর ভর করে টিকে ছিল, তার পতনও ঘটল বলপ্রয়োগের প্রধান হাতিয়ারটি আর পাশে না থাকায়।
৫ অগাস্ট, হাসিনা বোন শেখ রেহানাকে নিয়ে সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়েন। পরে বাংলাদেশ বিমানবাহিনীর সি-১৩০ বিমানে ভারতের হিন্দন বিমানঘাঁটিতে নামেন। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ঘাঁটিতে তাঁর সঙ্গে দেখা করেন। পরদিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর রাজ্যসভায় বলেন, হাসিনা অত্যন্ত স্বল্প সময়ের নোটিসে ভারতে আসার অনুমতি চেয়েছিলেন।
এই পতনকে শুধু একটি সরকারের পদত্যাগ হিসেবে দেখলে ঘটনাটির গভীরতা বোঝা যায় না। দীর্ঘদিন ধরে যে রাষ্ট্রীয় কাঠামো বিরোধী মত দমন, নিরাপত্তা বাহিনীর ব্যবহার এবং রাজনৈতিক প্রতিপক্ষকে কোণঠাসা করার অভিযোগে অভিযুক্ত ছিল, সেই কাঠামোর ভেতরেই শেষ মুহূর্তে ফাটল দেখা দেয়। রাজপথের আন্দোলন, প্রশাসনের ওপর চাপ এবং সেনাবাহিনীর অবস্থান একসঙ্গে হাসিনার ক্ষমতার ভিত্তি সরিয়ে দেয়।
রায় ও নথি: জুলাইয়ের হত্যাকাণ্ডে দায়
জাতিসংঘ। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে হওয়া ওএইচসিএইচআরের অনুসন্ধান বলছে, বিক্ষোভকারী ও অন্য নাগরিকদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত হামলার মধ্য দিয়ে হত্যা, নির্যাতন ও অন্যান্য অমানবিক কাজ ঘটেছে, যা মানবতাবিরোধী অপরাধের যুক্তিসংগত ভিত্তি তৈরি করে। নিহতদের ১২ থেকে ১৩ শতাংশ শিশু।
প্রতিবেদন বলছে, ১৮ জুলাই সন্ধ্যায় হাসিনা সরকার নিরাপত্তা বাহিনীকে প্রাণঘাতী বল প্রয়োগের অনুমোদন দিয়েছিল। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নেতৃত্বে একটি “কোর কমিটি” নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার হামলা সমন্বয় করেছিল। পুলিশ ও আওয়ামী লীগ সমর্থকেরা একযোগে হামলা চালিয়েছে। এমন কি পুলিশ হাসপাতাল থেকে লাশ সরিয়ে লুকিয়েছে বা পুড়িয়ে ফেলেছে, হত্যার চিহ্ন মুছে ফেলার জন্য।
আদালত। ১৭ নভেম্বর ২০২৫ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়। সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পান পাঁচ বছরের কারাদণ্ড। রায়ের ৪৫৩ পৃষ্ঠা সরাসরি সম্প্রচার হয়েছিল। ট্রাইব্যুনালের ভাষ্য ছিল, হাসিনা হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন, যার ফলে ছাত্রকর্মী আবু সাঈদসহ চানখাঁরপুল ও আশুলিয়ায় মানুষ নিহত হন।
পূর্ণ রায়ে বর্ণিত একটি ঘটনা বিশেষ করে নজর কাড়ে। ১৮ জুলাই ২০২৪ হাসিনা, তৎকালীন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ফোনালাপে, রায় অনুযায়ী, তিনি আন্দোলনকারীদের অবস্থান চিহ্নিত করতে ড্রোন ব্যবহারের এবং হেলিকপ্টার ও প্রাণঘাতী অস্ত্রে হত্যার নির্দেশ দেন। ট্রাইব্যুনাল জানিয়েছে, ফোনালাপের রেকর্ড তাদের হাতে ছিল এবং তা যাচাই করা হয়েছে। রায়ে আরও বলা হয়েছে, আশুলিয়া ও চানখাঁরপুলে পুলিশের হত্যা ছিল পদ্ধতিগত, এবং প্রমাণ নষ্ট করতে লাশ পোড়ানো হয়েছিল।
জাতিসংঘের অনুসন্ধান ও ট্রাইব্যুনালের রায় একই ধরনের তথ্য সামনে আনলেও তাদের ভূমিকা এক নয়। জাতিসংঘের প্রতিবেদন মানবাধিকার লঙ্ঘনের ধরন ও ব্যাপ্তি সম্পর্কে অনুসন্ধানী মূল্যায়ন দিয়েছে। ট্রাইব্যুনাল বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ বিবেচনা করে রায় দিয়েছে।
পনেরো বছরের হিসাব: গুম, নির্বাচন, দুর্নীতি
জুলাইয়ের হত্যাকাণ্ডকে যদি আলাদা একটি বিস্ফোরণ হিসেবে দেখা হয়, তাহলে বিচারের পুরো ছবিটা চোখে পড়ে না। হাসিনার শাসনামল নিয়ে এখন অন্তত তিনটি বড় ক্ষেত্রে সরকারি কমিশন বা আদালতের নথি রয়েছে: গুম, নির্বাচন এবং দুর্নীতি।
গুম। ২০২৬ সালের ৪ জানুয়ারি গুমসংক্রান্ত তদন্ত কমিশন চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। কমিশন ১,৯১৩টি অভিযোগ পেয়েছিল। যাচাই-বাছাইয়ের পর ১,৫৬৯টি ঘটনাকে গুমের সংজ্ঞায় ফেলে। এর মধ্যে ২৮৭টি “নিখোঁজ ও মৃত” শ্রেণির। কমিশনের এক সদস্য নাবিলা ইদ্রিস বলেছেন, প্রকৃত সংখ্যা চার থেকে ছয় হাজারের মধ্যেও হতে পারে।
প্রতিবেদনের সিদ্ধান্ত, গুম ছিল প্রধানত রাজনৈতিক উদ্দেশ্যে, বিচ্ছিন্ন অপব্যবহার নয়, পদ্ধতিগত চর্চা। কয়েকটি আলোচিত ঘটনায় হাসিনা, তাঁর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং আসাদুজ্জামান খানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ার কথাও প্রতিবেদনে বলা হয়েছে। কমিশন আরও লিখেছে, সবচেয়ে বেশি লাশ গুম হয়েছে বরিশালের বলেশ্বর নদীতে, যেখানে শত শত ভুক্তভোগীকে ফেলা হয়েছিল বলে জানা গেছে। হাসিনা সরকার গুমের সঙ্গে জড়িত থাকার কথা বরাবর অস্বীকার করে এসেছে।
এটি কমিশনের কথা। আদালতের স্তরে ট্রাইব্যুনালে দুটি আলাদা মামলা চলছে। র্যাবের টিএফআই সেলের ঘটনায় হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে ২০২৫ সালের ডিসেম্বরে অভিযোগ গঠন হয়েছে। আসামিদের মধ্যে সেনা কর্মকর্তারাও আছেন। ডিজিএফআইয়ের যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র, যা “আয়নাঘর” নামে পরিচিত, তার ঘটনায় হাসিনাসহ ১৩ জন আসামি। এই দুই মামলায় এখনো রায় হয়নি। যা হয়েছে, তা অভিযোগ গঠন ও বিচারপ্রক্রিয়া, দণ্ড নয়।
নির্বাচন। আরেকটি অন্তর্বর্তী কমিশন ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের তিনটি নির্বাচন খতিয়ে দেখেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০১৮ সালের নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা এনএসআই একটি “নির্বাচন সেল” গঠন করে সবকিছু নিয়ন্ত্রণে নেয়। কমিশনের বিবরণে, নির্বাচনের আগের রাতেই দেশের ৮০ শতাংশ কেন্দ্রে ব্যালটে সিল মেরে বাক্সে ভরা হয়েছিল।
২০১৪ সালে বিএনপির বর্জনের মুখে ৩০০ আসনের ১৫৩টিতে প্রতিদ্বন্দ্বীই ছিল না। ২০১৮ সালের নির্বাচনের পর হিউম্যান রাইটস ওয়াচ স্বাধীন তদন্ত চেয়েছিল, কারণ নির্বাচনের আগে বিরোধীদের ওপর ভয়ভীতি ও সহিংসতা, এবং ভোটের দিন ব্যালট ভরা ও কেন্দ্র দখলের অভিযোগ ছিল। ২০২৪ সালের জানুয়ারির নির্বাচনের আগে জাতিসংঘের মানবাধিকারপ্রধান ফলকার তুর্ক জানান, অক্টোবরের শেষ থেকে প্রায় ২৫ হাজার বিরোধী সমর্থক গ্রেপ্তার হয়েছেন। এসব অভিযোগের বিপরীতে আওয়ামী লীগ বরাবর বলে এসেছে, নির্বাচন অবাধ ছিল।
দুর্নীতি। ২০২৫ সালের ২৭ নভেম্বর পূর্বাচল নতুন শহর প্রকল্পের প্লট বরাদ্দের তিন মামলায় ঢাকার বিশেষ জজ আদালত হাসিনাকে প্রতিটিতে সাত বছর, মোট ২১ বছর কারাদণ্ড দেন। বিচারক বলেন, প্লটটি আবেদন ছাড়াই বরাদ্দ হয়েছিল এবং অনুমোদনকারীরা ক্ষমতার বাইরে গিয়ে তা করেছিলেন। ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল একটি মামলায় পাঁচ বছর করে সাজা পান।
১ ডিসেম্বর আরেক মামলায় হাসিনা, বোন শেখ রেহানা ও ভাগনি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সাজা হয়। সব মিলিয়ে চার মামলায় হাসিনার ২৬ বছর কারাদণ্ডের কথা প্রতিবেদনে এসেছে। ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি আরও দুই মামলায় তাঁকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়। হাসিনা ও তাঁর পরিবার এসব অভিযোগকে বিদ্বেষপ্রসূত, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলেছে।
এই নথিগুলো একসঙ্গে পড়লে কী দাঁড়ায়? হত্যা, গুম, নির্বাচন আর প্লট, চার ক্ষেত্রেই একটি ক্ষমতার কাঠামোর ছবি দেখা যায়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা কেন্দ্রীভূত, বাস্তবায়নে নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার ভূমিকা গুরুত্বপূর্ণ, আর জবাবদিহির পথ সংকুচিত। জুলাইয়ের মামলায় দণ্ডিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের নাম গুম কমিশনের প্রতিবেদনেও আছে। গুমের মামলায় অভিযুক্ত প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকের নামও রয়েছে।
তবে এই চারটি ক্ষেত্রের সব নথির আইনি অবস্থান এক নয়। কোথাও আদালতের রায় হয়েছে, কোথাও কমিশনের অনুসন্ধান, কোথাও অভিযোগ গঠন হয়েছে, আবার কোথাও রাজনৈতিক পক্ষের বক্তব্য রয়েছে। সেগুলোকে এক করে দেখলে বিচার ও অভিযোগের মধ্যকার পার্থক্য হারিয়ে যায়। কিন্তু আলাদা আলাদা অবস্থান বজায় রেখেও একটি বড় প্রশ্ন এড়ানো যায় না: দীর্ঘদিন ধরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান কীভাবে এমন একটি ক্ষমতার কাঠামোর অংশ হয়ে উঠেছিল, যেখানে বিরোধিতা, জবাবদিহি এবং নাগরিক অধিকারের জায়গা ক্রমে সংকুচিত হয়েছে?
হত্যা, গুম, নির্বাচন ও দুর্নীতি, চারটি ক্ষেত্রেই যে রাষ্ট্রব্যবস্থার ছবি উঠে আসে, তা কোনো এক ব্যক্তির বিচ্ছিন্ন সিদ্ধান্তের গল্প নয়। এটি দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি ক্ষমতার কাঠামোর গল্প। সেই কাঠামো ভেঙে পড়েছে, কিন্তু তার বিচার এখনো শেষ হয়নি।
আর এখানেই শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রশ্নটি আরও জটিল হয়ে ওঠে। তাঁর বিরুদ্ধে অভিযোগ আছে, আদালতের রায় আছে, আবার সেই বিচারপ্রক্রিয়ার ন্যায্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। যে আদালত একসময় তাঁর সরকারের আমলে গড়ে ওঠা আইনি কাঠামোর অধীনে কাজ করেছে, আজ সেই আদালতের রায়ই তিনি প্রত্যাখ্যান করছেন। এই বিচার কি সত্যিই ন্যায়বিচার নিশ্চিত করতে পারবে, নাকি পুরোনো রাজনৈতিক দ্বন্দ্বের আরেকটি অধ্যায় হয়ে থাকবে?
শেখ হাসিনা ফিরবেন কি না, সেটি এক প্রশ্ন। কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন, তাঁর বিচার কীভাবে হবে এবং সেই বিচার কতটা বিশ্বাসযোগ্য হবে। সেই প্রশ্নের উত্তর খুঁজতে হলে এবার তাকাতে হবে বিচারব্যবস্থার দিকে। ►