একটা চিঠি একসময় তিন সপ্তাহ ভ্রমণ করত। পাহাড় পেরিয়ে, নদী পার হয়ে, ঘোড়ার পিঠে দুলতে দুলতে। তারপর একদিন সকালে কারো হাতে এসে পৌঁছাত, আর সেই মানুষটি সেটি পড়তে বসত কাঁপা হাতে। এখন আমরা একটি মেসেজ পাঠাই, তারপর প্রতি তিন মিনিট অন্তর দেখি সেই দুটো নীল টিক এসেছে কি না। আর যখন আসে, তখন শুরু হয় আসল অপেক্ষা।
প্রেম পাল্টায়নি। কিন্তু এখন অপেক্ষার ভাষা পাল্টে গেছে অনেকটা।
যে অপেক্ষায় প্রেম জন্মায়
রবীন্দ্রনাথ ঠাকুর একটি চিঠিতে লিখেছিলেন, দূর থেকে ভালোবাসা এক অদ্ভুত যন্ত্রণা। সেই যন্ত্রণাই আত্মাকে খুঁড়ে দেয়, এবং সেই ক্ষতস্থানই একদিন কবিতা হয়ে ওঠে। তাঁর ‘তুমি রবে নীরবে’ গানে প্রিয়জনের অনুপস্থিতি একটি উপস্থিতিতে পরিণত হয়। দূরত্ব এখানে শুধু ভৌগোলিক না, এটি একটি আধ্যাত্মিক অবস্থান, যেখান থেকে প্রেমকে আরও স্পষ্টভাবে দেখা যায়।
উনিশ শতকের প্রেমিক-প্রেমিকারা চিঠির জন্য সপ্তাহের পর সপ্তাহ অপেক্ষা করত। সেই অপেক্ষা নিষ্ঠুর ছিল, কিন্তু তার মধ্যে ছিল একটা গভীর কাব্যিকতাও। প্রিয়জনের হাতের লেখা দেখে কাঁপত হাত, চিঠির ঘ্রাণ নেওয়া হতো বারবার, খামের মোমের সিলে খোঁজা হতো ঠোঁটের ছাপ। প্রতিটি চিঠি ছিল একটি উৎসবের মতো। এই অপেক্ষার মধ্যে একটা সৌন্দর্য ছিল অনিশ্চয়তা। প্রিয়জন চিঠি পেয়েছে কি না, জানা নাই। পড়েছে কি না তাও জানা নাই। কিন্তু সেই না-জানার মধ্যেই কল্পনার এক বিশাল জগৎ তৈরি হতো। সে হয়তো এই মুহূর্তে পড়ছে। হয়তো মুচকি হাসছে। হয়তো চোখে জল আসছে। এই নিয়েই বাঁচতো প্রেমিক-প্রেমিকারা।
নীল টিকের অভিশাপ
এখন সেই কল্পনার কোনো জায়গা নাই। হোয়াটসঅ্যাপের রিড রিসিট। দুটো নীল টিক, মানবসভ্যতার ইতিহাসে সম্ভবত সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে বিধ্বংসী আবিষ্কারগুলার একটি। মনোবিজ্ঞানীরা এটিকে বলেন “সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি অ্যাংজাইটি”। একবার প্রিয়জন জেনে গেল যে তুমি মেসেজটি পড়েছ, তখন থেকে উত্তর না দেওয়া একটি সচেতন সিদ্ধান্ত হয়ে যায়। যন্ত্র আর অজ্ঞতার সুবিধা রইল না। “আমি দেখিনি”। এই অজুহাতটুকু চিরতরে হলো বিলুপ্ত।
মেসেজ সিন করে রিপ্লাই না দেওয়া মানুষের মধ্যে বিচ্ছিন্নতা, অবহেলা, নিজেকে নিয়ে সংশয়, রাগ এবং দুঃখ। এই পাঁচটি অনুভূতি একসাথে জন্ম দেয়। ডিজিটাল মেসেজিং অ্যাপগুলো আমাদের ভেতরের “ডিজিটাল হাইপারভিজিলেন্স” কে পুষে রাখে। আমরা তখন গোয়েন্দা হয়ে যাই। সে কি অনলাইনে ছিল? ‘লাস্ট সিন’ কখন? অন্য কারো পোস্টে লাইক দিল, কিন্তু আমার মেসেজের উত্তর দিল না? কেন?
একটা সময় প্রিয়জনের অনুপস্থিতি ছিল একটি কবিতা। আজকের যুগে সেটি একটি ট্র্যাকিং অ্যাপে পরিনত হয়ে গেছে।

তখন দূরত্ব ছিল বিলাসিতা
ইতিহাসের দিক থেকে দেখলে, ধৈর্যশীল প্রেম একটি বিশেষ সুবিধাপ্রাপ্ত শ্রেণির বিনোদন ছিল। উনিশ শতকে ব্রিটেনে পেনি পোস্টের প্রচলনের আগে চিঠি পাঠানো ছিল ব্যয়বহুল। ১৮৪০ সালের পর ডাক ব্যবস্থার সম্প্রসারণ ঘটলে নতুন সম্ভাবনা তৈরি হয়। তখন থেকে প্রেমিকরা কোনো বিশেষ কারণ ছাড়াই শুধু ভালোবাসা জানাতে চিঠি পাঠাতে শুরু করে, যা আগে কল্পনাও করা যেত না।
আজ আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে বসে এক সেকেন্ডে মেসেজ পাঠাতে পারি। অথচ বাস্তবে, ইতিহাসের সবচেয়ে সংযুক্ত প্রজন্ম আজকের তরুণরা সবচেয়ে বেশি একা। ২০২৪ সালের একটি বৈশ্বিক গবেষণায় দেখা গেছে, জেন জি-র ৮০ শতাংশ মানুষ গত বারো মাসে একাকিত্ব অনুভব করেছে। বিপরীতে বেবি বুমার প্রজন্মের ৪৫ শতাংশ। ডেটিং অ্যাপ হিন্জ্ (Hinge) এর তথ্য অনুযায়ী, এই প্রজন্মের ৩৮ শতাংশ ডেটিং অ্যাপ ব্যবহারের পর প্রেম সম্পর্কে আরও হতাশাবাদী হয়ে পড়েছে।
আমরা সংযুক্ত হওয়ার সরঞ্জাম পেয়েছি, কিন্তু হারিয়েছি সংযোগ।
না প্রেম না প্রতিশ্রুতি
একটা সময় প্রেমে দূরত্ব ছিল প্রায় বাধ্যতামূলক। প্রকৃতির, সমাজের, পরিস্থিতির বাধা। আজকের প্রেমে দূরত্ব একটি পছন্দ। এবং সেই পছন্দের সবচেয়ে আধুনিক প্রকাশ হলো “গোস্টিং”। কোনো ব্যাখ্যা ছাড়াই, হঠাৎ, বাষ্পের মতো উবে যাওয়া। ২০২৩ সালের একটি সমীক্ষা মতে, ৭৭ শতাংশ জেন জি’র তরুণ কোনো না কোনো সময় কাউকে গোস্ট করেছে, এবং ৮৪ শতাংশ নিজেরাও গোস্টিং-এর শিকার হয়েছে।
কিন্তু মনোবিজ্ঞানীরা বলছেন, রিড রিসিট বন্ধ রাখা বা সিন করে রিপ্লাই না দেওয়া। এটি মূলত একটি ভয়কে ঢেকে রাখার কৌশল। ভয় হলো দেখা যাওয়ার, প্রত্যাশার, জবাবদিহিতার। নিজের উদ্বেগ কমাতে গিয়ে আমরা সেই উদ্বেগটুকু অন্যের দিকে ঠেলে দেই।
আজকের যুগের প্রেম-ভালোবাসায় নতুন কিছু টার্ম বা শব্দও যোগ হয়েছে। তার মধ্যে একটি হলো “সিচুয়েশনশিপ”। না প্রেম, না বন্ধুত্ব। একটা অদ্ভুত মধ্যবর্তী অঞ্চল, যেখানে দুজন মানুষ একসাথে থাকে, কিন্তু কেউ এই সম্পর্কের নামকরণ করতে রাজি না।
গবেষকদের মতে, এই অনিশ্চিত সম্পর্কগুলা তৈরি হওয়ার পেছনে আছে সেই একই একাকিত্ব। যখন মানুষ একা, তখন একটি অসম্পূর্ণ সম্পর্কই কোনো সম্পর্ক না থাকার চেয়ে ভালো মনে হয়। অথচ বিড়ম্বনা হলো, এই সম্পর্কগুলাই আবার সেই একাকিত্বকে আরও গভীর করে। কারণ আপনার পাশে কেউ আছে, কিন্তু সত্যিকার অর্থে নাই। এই সত্য একা থাকার চেয়েও ভয়াবহ।
এক সময় প্রেমে বিরহ ছিল স্বীকৃত, যন্ত্রণাদায়ক, কিন্তু তাও তো সৎ ছিল। আজকের সিচুয়েশনশিপে বিরহ অস্বীকৃত, অস্পষ্ট। এবং সেই কারণেই আরও বেশি কষ্টের।
অপেক্ষার মূল্য এবং প্রেম
এই বিবর্তনের গল্পে একটি বিপজ্জনক ভুল ধারণা আছে যে, প্রযুক্তি প্রেমকে সস্তা করে দিয়েছে। না, প্রযুক্তি প্রেমের “আকাঙ্ক্ষাকে” পাল্টায়নি। হিন্জ্-এর তথ্যমতে জেন-জি মিলেনিয়ালদের তুলনায় ৩৯ শতাংশ বেশি রোমান্টিক আদর্শবাদী। তারা বিশ্বাস করে প্রতিটি মানুষের জন্য একজন নির্দিষ্ট মানুষ আছে। কিন্তু প্রযুক্তি প্রেমের ভাষাকে বদলে দিয়েছে। এবং এটাই সমস্যা।
চিঠির প্রতিটি শব্দ ছিল মনোযোগের প্রমাণ। সে বসেছিল, ভেবেছিল, লিখেছিল। আজকের মেসেজে সেই মনোযোগের কোনো প্রমাণ নাই। একটি ‘K’ বা একটি ‘হুম’ পাঠাতে এক সেকেন্ড লাগে। এবং সেই এক সেকেন্ডের সহজলভ্যতাই সবকিছুকে অর্থহীন করে তুলেছে।
একাধিক গবেষণা বলছে, ঘনিষ্ঠ সম্পর্কে নীল টিকের কুপ্রভাব তুলনামূলক কম। কারণ সেখানে আস্থা আছে, ব্যাখ্যার সুযোগ আছে। কিন্তু নতুন সম্পর্কে, বিশেষত “ডেটিং কনটেক্সটে”, রিড রিসিট প্রায়ই একটি মাইন্ড গেমের হাতিয়ারে পরিণত হয়।
সমস্যাটি হোয়াটসঅ্যাপে না। সমস্যাটি হলো, আমরা অপেক্ষার অর্থ ভুলে গেছি। প্রেমে অপেক্ষা ছিল অনিবার্য। তাই মানুষ সেটিকে অর্থবহ করতে শিখেছিল। সেই অপেক্ষার মধ্যে চিন্তা হতো, কল্পনা হতো, অনুভূতি পাকা হতো। আজ অপেক্ষা ঐচ্ছিক। তাই এটি অসহনীয়।
আমরা এমন একটি প্রযুক্তি তৈরি করেছি যা আমাদের কখনো দেখতে দেয় যে প্রিয়জন সেখানে আছে। কিন্তু কখনো অনুভব করতে দেয় না যে, প্রিয়জন সত্যিকার অর্থে কাছে আছে। কিন্তু, থাকা আর পাশে থাকাই শেষ পর্যন্ত, সবচেয়ে বড় দূরত্ব। ■