মাত্র ৩০ দিনে ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি এনআইডি (NID, জাতীয় পরিচয়পত্র) রেকর্ড অ্যাক্সেস, প্রতি রেকর্ড ২০০–৩০০ টাকায় বিক্রির অভিযোগ। অন্যের পরিচয়ে সিম (SIM) নিবন্ধন, সেই সিম দিয়ে মোবাইল ব্যাংকিং ও অনলাইন প্রতারণা। ব্যক্তিগত তথ্য এখন অপরাধীদের কাছে রীতিমতো ব্যবসার পণ্য।
জাতীয় পরিচয়পত্রের তথ্য বিক্রির অভিযোগ উঠেছে খোদ নির্বাচন কমিশনের ভেতর থেকেই। ২০২৬ সালের ১৬ জানুয়ারি দ্য ডেইলি স্টারে প্রকাশিত এক প্রতিবেদনে সিআইডির বরাত দিয়ে জানানো হয়, নির্বাচন কমিশনের ন্যাশনাল আইডেন্টিটি রেজিস্ট্রেশন উইং-এর ভেতরে একটি সিন্ডিকেট নাগরিকদের ব্যক্তিগত তথ্য বিক্রি করছিল। এ ঘটনায় নির্বাচন কমিশনের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মীকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। প্রতিবেদন অনুযায়ী, গ্রেপ্তার হওয়া দুজন হলেন আল আমিন (৩৯) ও হাবিবুল্লাহ (৪১)। আল আমিন নির্বাচন কমিশনের এনআইডি শাখায় আউটসোর্সিংয়ের মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর হিসাবে কাজ করতেন। অন্যদিকে, হাবিবুল্লাহ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে কম্পিউটার অপারেটর-কাম-অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন।
সিআইডির সাইবার পুলিশ সেন্টারের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবুল বাশার তালুকদার সংবাদ সম্মেলনে জানিয়েছেন যে নির্বাচন কমিশনের অভ্যন্তরীণ তদন্তে দেখা গেছে, মাত্র এক সপ্তাহে ১ লাখ ১২ হাজার ১৫০টি এনআইডি রেকর্ড অ্যাক্সেস করা হয়েছে। আর ৩০ দিনে এই সংখ্যা দাঁড়ায় ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টিতে। তদন্তকারীদের ভাষ্য মতে, আল আমিনের কাছে এমন একটি গোপন ইউজার আইডি ও পাসওয়ার্ড ছিল, যার মাধ্যমে সারা দেশের নাগরিকদের এনআইডি তথ্য চুরি করতে পারত। অন্যদিকে, হাবিবুল্লাহর সরকারি অ্যাক্সেস ছিল শুধু গজারিয়া উপজেলার নাগরিকদের তথ্যের মধ্যে সীমাবদ্ধ। পরিচিতির সুযোগ নিয়ে আল আমিন নিজের গোপন লগইন তথ্য হাবিবুল্লাহকে দিয়েছিল। এর বিনিময়ে আল আমিন হাবিবুল্লাহর কাছ থেকে প্রতি সপ্তাহে ৪ থেকে ৫ হাজার টাকা নিত।
সিআইডির প্রাথমিক তদন্ত থেকে জানা যায় ,ওই অ্যাক্সেস ব্যবহার করে হাবিবুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে নাগরিকদের সংবেদনশীল তথ্য বিক্রি করতেন। প্রতি রেকর্ডের দাম ছিল ২০০ থেকে ৩০০ টাকা। সিআইডির হিসাব অনুযায়ী, প্রতিটি রেকর্ড ৩০০ টাকা করে বিক্রি হয়ে থাকলে শুধু ৩ লাখ ৬৫ হাজার ৬০৮টি রেকর্ডের বিপরীতেই সম্ভাব্য অর্থের পরিমাণ দাঁড়ায় প্রায় ১০ কোটি ৯৭ লাখ টাকা, অর্থাৎ প্রায় ১১ কোটি টাকা।
তদন্তকারীরা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা ওটিপি (OTP) ট্রান্সফারের মাধ্যমে নির্বাচন কমিশন সচিবালয়ের মূল এনআইডি সার্ভারে প্রবেশ এবং তথ্য সংগ্রহ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিক্রির কথা স্বীকার করেছে। সিআইডির অভিযোগ, এই অবৈধ আয়ের অর্থ দিয়ে হাবিবুল্লাহ ঢাকায় ফ্ল্যাট, জমি কেনাসহ বিভিন্ন জায়গায় সম্পদ অর্জন করেছিল।
ঘটনাটির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, নাগরিকের পরিচয় নিশ্চিত করার জন্য যে সরকারি ডেটাবেস তৈরি, সেই ডেটাবেসে প্রবেশের গোপন তথ্যই অন্যের হাতে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এখানে শুধু একজনের এনআইডি ফাঁস হয়নি; লাখ লাখ নাগরিকের পরিচয়সংক্রান্ত তথ্যের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। তাহলে একজন সাধারণ নাগরিক নিজের পরিচয়পত্রের তথ্য কোথায় নিরাপদে রাখবেন?
রাফি নামের একজন তরুণ বন্ধুদের সঙ্গে কক্সবাজার ঘুরতে গেছেন। সমুদ্রসৈকতে ঘোরাঘুরি করতে করতে ঠিক করল, মেরিনড্রাইভে বাইক নিয়ে ঘুরবে। তাই চিন্তা করল কয়েক ঘণ্টার জন্য একটা মোটরসাইকেল ভাড়া নিবে। স্থানীয় একটি দোকানে গিয়ে একটি বাইক ঠিক করে ফেলল। চার ঘণ্টার জন্য ভাড়া দেড় হাজার টাকা, তেলের খরচসহ।
কিন্তু বাইক বুঝিয়ে দেওয়ার আগে দোকানদার জানালেন, মূল জাতীয় পরিচয়পত্র জমা দিতে হবে। রাফি একটু দ্বিধায় পড়ে গেলো। কারণ, নিজের এনআইডি কার্ড একজন অপরিচিত মানুষের হাতে রেখে যাচ্ছে সে। কিন্তু বাইক নিতে হলে দোকানদারের শর্ত মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নাই। শেষ পর্যন্ত এনআইডি জমা দিয়ে বাইক নিয়ে বের হলো রাফি।
এখানে দোকানদার কোনো অপরাধ করছেন, এমন কোনো অভিযোগ নাই। তিনি হয়তো নিজের বাইকের নিরাপত্তার জন্যই পরিচয়পত্র রাখছেন। কিন্তু রাফির মনে একটা প্রশ্ন থেকেই গেলো, যে পরিচয়পত্রের তথ্য সরকারি দপ্তরের ভেতর থেকেই বিক্রির অভিযোগ উঠেছে, সেটি একজন অপরিচিত মানুষের কাছে কয়েক ঘণ্টা জমা রেখে সে কতটা নিরাপদ বোধ করতে পারে?
দোকানদার তাঁর এনআইডি ছবি তুললেন কি না, সেটি কোথাও সংরক্ষণ করলেন কি না, কিংবা অন্য কারও সঙ্গে শেয়ার করলেন কি না—এসব বিষয়ে রাফির জানার কোনো সুযোগ নাই। একটি মোটরসাইকেল হারিয়ে গেলে তার দাম নির্ধারণ করা যায়। কিন্তু একজন মানুষের পরিচয়সংক্রান্ত তথ্য অন্যের হাতে চলে গেলে তার পরিণতি কতটা ভয়ংকর হতে পারে, সেটি বোঝা কঠিন। আর এই আশঙ্কার পেছনে রয়েছে একাধিক ঘটনা।
অন্যের এনআইডিতে সিম, সেই সিম দিয়ে অপরাধ
২০২৬ সালের জুনে বিডিনিউজ টোয়েন্টিফোর-এ প্রকাশিত এক প্রতিবেদনে উঠে আসে অন্যের পরিচয়ে নিবন্ধিত সিম কার্ড ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের একটি অবৈধ বাজারের চিত্র। তথ্যানুযায়ী, এক শ্রেণির অসাধু সিম বিক্রেতা গ্রাহকের অজান্তে তাঁর এনআইডি ও বায়োমেট্রিক তথ্য ব্যবহার করে অতিরিক্ত সিম নিবন্ধন করে রাখছেন। পরে এসব সিম অপরাধীদের কাছে বিক্রি করা হচ্ছে। শুধু সিম নয়, এর সঙ্গে যুক্ত থাকছে বিকাশ ও নগদ-এর মতো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অ্যাকাউন্টও। এসব সিম ও ওয়ালেট ব্যবহার করে অনলাইন প্রতারণা, ভুয়া ব্যবসা, জুয়া এবং অবৈধ অর্থ লেনদেনের মতো কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
প্রতিবেদনটিতে ঢাকার গোয়েন্দা পুলিশের একটি অভিযানে ৫১ হাজার ২৬১টি সিম উদ্ধারের তথ্যও উল্লেখ করা হয়। একই প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের জানুয়ারিতে মাত্র দুই দিনে দেশের সাত জেলায় অন্তত ২০ জন শতবর্ষী ব্যক্তির এনআইডি ব্যবহার করে সিম নিবন্ধনের ঘটনা শনাক্ত করা হয়েছিল। তাঁদের মধ্যে কারও বয়স ছিল ১০৮, কারও ১০৩ বছর।
আপনার ফোনের কল রেকর্ড, লোকেশনও বিক্রির পণ্য!
ব্যক্তিগত তথ্যের এই অবৈধ বাজার কতটা বিস্তৃত, সেটি আরও স্পষ্ট হয় ২০২৬ সালের ১০ সেপ্টেম্বর প্রথম আলোর একটি অনুসন্ধানী প্রতিবেদনে। প্রতিবেদনে দেখানো হয়, কিভাবে অর্থের বিনিময়ে একজন মন্ত্রীর মোবাইল ফোনের তিন মাসের কল ডিটেইল রেকর্ড (CDR) সংগ্রহ করা সম্ভব হয়েছিল। ওই তথ্য, মন্ত্রীর নিজের ফোনের সঙ্গে মিলিয়ে দেখার পর কলের সময়, নম্বর এবং অন্যান্য তথ্যের সত্যতা পাওয়া যায়। শুধু একজন মন্ত্রী নন, আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং সংবাদমাধ্যমটির কর্মীদের সিডিআর সংগ্রহ করেও তথ্যের সত্যতা যাচাই করা হয়।
অনলাইন ওয়েবসাইট, ফেসবুক বিজ্ঞাপন, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ-এর মাধ্যমে এসব তথ্যের কেনাবেচা চলছিল। সেখানে যেসব তথ্য পাওয়া যাচ্ছিল তার মধ্যে রয়েছে:
জাতীয় পরিচয়পত্রের তথ্য, পাসপোর্ট ও টিন (TIN)-এর তথ্য, মোবাইল ফোনের কল রেকর্ড, এসএমএস-সংক্রান্ত তথ্য, মোবাইল ফোনের অবস্থান, মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধন ও লেনদেনের তথ্যও।
প্রতিবেদনটিতে বলা হয় একটি ওয়েবসাইটে তিন মাসের কল ডিটেইল রেকর্ড বা সিডিআর-এর দাম ১ হাজার ৫০ টাকা আর ছয় মাসের সিডিআর-এর দাম ১ হাজার ২০০ টাকা।
এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে। প্রযুক্তিবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান টেকগ্লোবাল ইনস্টিটিউট -এর একটি প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে পর্যন্ত বাংলাদেশে অন্তত ৬৮টি ডেটা ব্রিচ বা তথ্য ফাঁসের ঘটনা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে ৩৬টি সরকারি প্রতিষ্ঠানের এবং ৩২টি বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কিত।
অর্থাৎ ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে সমস্যাটি কোনো একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়।
সরকারি সার্ভার থেকে তথ্য নিয়ে ওয়েবসাইটে বিক্রি
২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর নাগরিকদের ব্যক্তিগত তথ্য অনলাইনে বিক্রির অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি, সাবেক র্যাব)।
তথ্যানুযায়ী, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে এনআইডি, জন্মনিবন্ধন, কল ডিটেইল রেকর্ড, সিম-এর মালিকানাসংক্রান্ত তথ্য, আইএমইআই, মোবাইল ব্যাংকিংয়ের নিবন্ধন ও লেনদেনের তথ্য এবং মোবাইল ফোনের সর্বশেষ অবস্থান বিক্রির অভিযোগ রয়েছে।
এসআরবি জানায়, আবদুস সালাম সরকার নামে একজন ‘ই-সেবা ২৪ ডট টপ’ নামে একটি এনক্রিপ্টেড ওয়েবসাইট তৈরি করেছিলেন। সেখানে নির্দিষ্ট টাকার বিনিময়ে নাগরিকদের ব্যক্তিগত তথ্য কেনাবেচা হতো। তার আরোও চার সহযোগী ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার সংগ্রহ করতেন বলে অভিযোগ রয়েছে।
এসআরবি’র ভাষ্য অনুযায়ী, আবদুস সালাম ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত নির্বাচন কমিশনে অস্থায়ীভাবে কাজ করেছিলেন। অন্যদিকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা অর্থ লেনদেনের জন্য বিভিন্ন নামে নিবন্ধিত সিম ও মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট ব্যবহার করতেন বলে তদন্তে উঠে আসে।
এসআরবি-২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান বলেন, অভিযুক্তরা সরকারি সার্ভার থেকে তথ্য সংগ্রহ করায় ক্রেতাদের সঠিক তথ্য সরবরাহ করতে পারছিলেন।
এখানে আরেকটি বিষয় লক্ষণীয়। এসআরবি জানায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কোনো ঘটনা তদন্তের সময় সিডিআর বা মোবাইলের সর্বশেষ অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে নির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। অথচ সাধারণ মানুষের কাছে অর্থের বিনিময়ে এসব তথ্য বিক্রির অভিযোগ উঠেছে।
১৪ হাজার সাংবাদিকের তথ্যও উন্মুক্ত হওয়ার ঘটনা
ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন শুধু এনআইডি ডেটাবেসের ভেতরে সীমাবদ্ধ নয়। ২০২৬ সালের ৩১ জানুয়ারি, নির্বাচন কমিশনের সাংবাদিক ও পর্যবেক্ষকদের অনলাইন নিবন্ধন ব্যবস্থায় ত্রুটির কারণে, অন্তত ১৪ হাজার সাংবাদিকের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত হওয়ার খবর প্রকাশিত হয়।
তথ্যানুযায়ী, ওয়েবসাইটের ইউআরএল (url)-এ সামান্য পরিবর্তন করেই আবেদনকারীদের পূর্ণাঙ্গ তথ্য দেখা যাচ্ছিল। এর মধ্যে ছিল ছবি, স্বাক্ষর, এনআইডি নম্বর, মোবাইল নম্বর এবং প্রতিষ্ঠানের পরিচয়সংক্রান্ত তথ্যাদি।
তথ্যগুলা প্রায় দুই ঘণ্টা উন্মুক্ত ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। পরে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয়। তবে ওই সময়ের মধ্যে কেউ তথ্য কপি বা সংরক্ষণ করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
যে প্রতিষ্ঠানের কাজ নাগরিকদের পরিচয়সংক্রান্ত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা, সেই প্রতিষ্ঠানেরই একটি অনলাইন ব্যবস্থায় এমন ত্রুটি নতুন করে প্রশ্ন তৈরি করে।
আপনার এনআইডি কার হাতে যাচ্ছে?
আমাদের দৈনন্দিন জীবনযাপনে, হোটেলে রুম বুকিং, বাসা ভাড়া, চাকরির আবেদন, সিম কেনা, অনলাইন অ্যাকাউন্ট খোলা কিংবা বিভিন্ন ব্যবসায়িক সেবা নিতে গিয়ে আমরা প্রতিনিয়ত এনআইডি’র তথ্য দিচ্ছি। কেউ মূল কার্ড রেখে দিচ্ছেন, কেউ ফটোকপি নিচ্ছেন, কেউ মোবাইলে ছবি তুলে রাখছেন। কিন্তু এসব তথ্য কত দিন সংরক্ষণ করা হচ্ছে, কারা অ্যাক্সেস পাচ্ছেন, কোথায় রাখা হচ্ছে কিংবা তৃতীয় কোনো পক্ষের সঙ্গে শেয়ার হচ্ছে কি না, এসব বিষয়ে গ্রাহকের জানার সুযোগ খুবই সীমিত।
তারপর, একজন মানুষের পরিচয় দিয়ে অন্য কেউ সিম নিবন্ধন করছে, সেই সিম দিয়ে মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট চালাচ্ছে, অনলাইন প্রতারণা করছে। কোথাও আবার কল রেকর্ড, ফোনের অবস্থান ও ব্যক্তিগত তথ্য অর্থের বিনিময়ে বিক্রিও হচ্ছে।
আপনার এনআইডি শুধু একটি কার্ড নয়। এটি আপনার পরিচয়, আপনার ব্যক্তিগত তথ্য এবং আপনার নাগরিক অস্তিত্বের গুরুত্বপূর্ণ অংশ। সেই পরিচয়পত্র কোথায় দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন এবং সেটি দিয়ে কী করা সম্ভব, এই প্রশ্নগুলো সম্পর্কে সচেতন থাকার সময় এখনই। ■