প্রখ্যাত চট্টগ্রামের আঞ্চলিক গানের শিল্পী বুলবুল আখতারের জন্ম ১৯৬৪ সালে কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে। অর্ধশতকের বেশি সময় ধরে গানের সাথে যুক্ত এই গুণী শিল্পী। ‘ও হালা চান গলার মালা’র মত অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। তার কন্ঠে ‘মধু হই হই আঁরে বিষ খাওয়াইলা’ ‘বানুরে ও বানু’ ‘আঁরারে বানাইলা পাগল শঙ্খ নদীর পানি’ শ্রোতাদের মনে এখনো দাগ কেটে যায়।
সাদামাটা পোষাকে মঞ্চে হাজির হন। পরনে কালো বোরকা, গোল করে পেঁচিয়ে হিজাব পরেন। হারমোনিয়াম বাজিয়ে গানে যাওয়ার আগ পর্যন্ত কে জানে, এই শিল্পী গানের সুরে শ্রোতার ভিতর-বাহির উলটপালট করে দিবেন একটু পরেই! বুলবুল আখতারের গানে শুধু চট্টগ্রাম নয় সম্প্রতি তাঁর গানে মজেছেন সারা বাংলাদেশ। চব্বিশের ৫ অগাস্টের পর ছাত্রদের বিভিন্ন কালচারাল প্রোগ্রামে গান গেয়ে সাড়া ফেলেছেন সারাদেশে। চট্টগ্রামের ষোলশহরসহ বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন প্রোগ্রাম করেন বুলবুল আখতার। এর আগে এই গুণী শিল্পীর পরিচিতি চট্টগ্রামে সীমাবদ্ধ থাকলেও জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের আনাচেকানাচে ছড়িয়ে পড়ে বুলবুল আখতারের গানের সুর।
গানে দীর্ঘ অর্ধশত বছরের ক্যারিয়ারের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের এপ্রিলে এসে অর্জন করেছেন ‘স্বাধীনতা স্মারক সম্মাননা ২০২৬’।
এখন কেমন আছেন এই গুণী শিল্পী?
সম্প্রতি ‘সানজু’ নামের স্থানীয় এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিওতে সাহায্যের জন্য সামনে আসেন বুলবুল আখতার। সেই পরিচিত কালো বোরকা আর গোল করে পেঁচিয়ে পরা হিজাব মাথায় অঝোরে কাঁদছেন শিল্পী বুলবুল আখতার। বলেছেন, বেশি কষ্টে আছি বাবা, আমি ঔষুধ খাইতে পারি না, মাথা ঘুরে ধড়াম করে পড়ে যাই। অসুস্থ অবস্থায় একা কষ্টে দিন পার করছেন বুলবুল আখতার। দুই কন্যা-সন্তানের জননী তিনি। মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পর একাকিত্বের সঙ্গী ছিলেন স্বামী। এরপর স্বামী হারানোর পর একা জীবন পার করছেন বুলবুল আখতার।
ইমন সৈয়দ নামের এক ফেসবুক ব্যবহারকারী লিখেন, “গতকাল রাতে শিল্পী বুলবুল আক্তার ফোন দিয়ে কান্নাকাটি করেন। ওপুত আঁরে ওক্কো চা চু না, আঁই তো মরি যেইয়ুমবই!”
তিনি আরো লিখেন, বুলবুল আখতার প্রায় ফোন দিয়ে কান্নাকাটি করেন। অর্থিক সহযোগিতা চান। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত শিল্পী বুলবুল আখতার। শারিরীক অসুস্থতার কারণে আগের মত প্রোগ্রামও করতে পারছেন না। ভয়াবহ আর্থিক সংকটে দিন পার করছেন এই শিল্পী। অনেকে বলছেন, এই পরিস্থিতিতে সরকারের উচিত এই গুণী শিল্পীর পাশে দাঁড়ানো। তাঁর চিকিৎসা ও দেখভালের দায়িত্ব গ্রহণ করা।