গাড়ি থামলেই ছুটে আসে যে শিশু, রাতে সে কোথায় ফিরে?

ঢাকার পথে পথে কাজ করা হাজারো শিশুর জীবন, প্রতিদিনের ঝুঁকি, মাদক ও নির্যাতনের ফাঁদ এবং আশ্রয়কেন্দ্রে যেতে না চাওয়ার পেছনের কারণ। সরকারি উদ্যোগ কতটা বদলাতে পারবে তাদের ভবিষ্যৎ?

● মুখরিত রহমান মুখর

নভেম্বর ৪, ২০২৬

গাড়ি থামলেই ছুটে আসে যে শিশু, রাতে সে কোথায় ফিরে? | দ্য পাবলিশ The Publish

ইলাস্ট্রেশন : দ্য পাবলিশ, সূত্র: বাংলা ট্রিবিউন


২০ সেপ্টেম্বর। গাবতলী বাস টার্মিনাল। নীল রঙের একটা বড় বাসের গা ঘেঁষে ছুটছে সাকিব। এক হাতে মাথার ওপর তোলা পানির বোতলভর্তি ব্যাগ। ওপরে বাসের জানালা থেকে এক নারী যাত্রী হাত বাড়িয়েছেন। জানালার ওপাশ থেকে আরও কয়েকজন যাত্রী তাকিয়ে আছেন। ১৫ বছর বয়সী ছেলেটির পাশেই বাসের বিশাল চাকা। একটু আগে তার হাত থেকে একটা বোতল পড়ে গেছে রাস্তায়, সেই চাকার খুব কাছে। চাকার সামনে থেকে বোতলটি তুলে নিলো সাকিব, বাস তখনো ধীর গতিতে চলমান!

দৃশ্যটা দেখতে কয়েক সেকেন্ডের মাত্র। বাস চলছে, চাকা হাতের নাগালে, তবু বোতলটা তুলতে হয়েছে। পনেরো বছরের একটা ছেলের কাছে নিরাপত্তার হিসাব আর রোজগারের হিসাব যে একই পাল্লায় ওঠে, এই ছোট ঘটনাই তা প্রমাণ করে। জানালার ওপাশের যাত্রীরা পানি কিনছেন, আর বাস ছাড়লেই ছেলেটি আবার পরের বাসের দিকে ছুটবে।

সাকিব একা নয়

এমন ঝুঁকি নিয়েই কাজ করে ঢাকার অসংখ্য শিশু। টার্মিনাল, সিগন্যাল, ফুটওভারব্রিজের নিচে, যেখানেই যানজট, সেখানেই এমন শিশুর দেখা মিলে। শহর তাদের দৈনিক দেখে। কিন্তু দেখা আর খেয়াল করার মধ্যে যে দূরত্ব, সেটা পেরোনো সহজ নয়।

দেশে আসলে কতজন পথশিশু আছে, তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। তবে ২০২৪ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফের যৌথ গবেষণায় বলা হয়েছে, দেশে পথশিশু ৩৪ লাখ। বিবিএসের (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো) জরিপ বলছে, মোট পথশিশুর প্রায় অর্ধেক ঢাকা বিভাগে থাকে।
এই শিশুদের জীবন কেমন? জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের প্রায় ৯ জনই কাজ করে। প্রতি ১০ জনের ৩ জন রাত কাটায় খোলা জায়গায়। আর ৩৬ শতাংশ কখনো কোনো স্কুল বা শিক্ষাপ্রতিষ্ঠানে যায়নি। এই হিসাবটা ৩৪ লাখের ওপর বসালে ছবিটা আরও বড় দেখায়। কাজ করা শিশুর সংখ্যা দাঁড়ায় প্রায় ৩০ লাখ, খোলা আকাশের নিচে রাত কাটানো শিশু প্রায় ১০ লাখ, আর স্কুলের মুখ না দেখা শিশু ১২ লাখেরও বেশি। একটা সতর্কবার্তা দেওয়া দরকার। হিসাবটা এসেছে জরিপে অংশ নেওয়া শিশুদের কাছ থেকে, আর ৩৪ লাখ সংখ্যাটি অন্য গবেষণার। দুটোকে হুবহু মিলিয়ে ফেলা নিখুঁত নয়। তবে সমস্যার মাত্রা বোঝার জন্য এই মোটা হিসাব কাজে লাগে। আন্তর্জাতিক এনজিও কারিতাস বাংলাদেশের তথ্য অনুযায়ী, দেশের পথশিশুদের ৫৮ দশমিক ২ শতাংশের কোনো জন্মসনদ নেই। একই সঙ্গে জন্মসনদবিহীন এসব শিশুর ৭১ দশমিক ৪ শতাংশ তাদের পিতামাতার জাতীয় পরিচয়পত্রের নম্বর জানে না (এই জরিপটি ঢাকা, ময়মনসিংহ ও রাজশাহী শহরের ৬৬৭ জন পথশিশু ও বস্তি এলাকায় বসবাসরত ১ হাজার ২৪৬টি পরিবারের ওপর চালানো হয়।)। জন্মসনদ না থাকা মানে শুধু একটা কাগজের অভাব না। রাষ্ট্রের খাতায় যে শিশুর নাম নেই, তার জন্য স্কুলে ভর্তি, সরকারি সহায়তা কিংবা চিকিৎসার পথ কঠিন হয়ে উঠে। বাবা-মায়ের পরিচয়পত্রের নম্বরও জানা না থাকলে নিবন্ধনের পথ আরও জটিল হয়। অর্থাৎ যে শিশুর সবচেয়ে বেশি সহায়তা দরকার, সহায়তার দরজা খোলার প্রথম চাবিটাই তার হাতে নেই।

গাড়ি থামলেই ছুটে আসে যে শিশু, রাতে সে কোথায় ফিরে? | দ্য পাবলিশ The Publish
ছবিতে, ১৫ বছর বয়সী সাকিব পানি বিক্রি করছে। ছবি : মুখরিত রহমান মুখর

রাস্তার বিপদ, মাদকের ফাঁদ ও আশ্রয়কেন্দ্র

কাজ করতে গিয়ে বিপদ লেগেই থাকে। বিবিএস এরজরিপে ৩১ শতাংশ শিশু বলেছে, কাজ করতে গিয়ে তারা আহত হয়েছে। অর্ধেক শিশু সহিংসতার শিকার হয়েছে। এর মধ্যে পথচারীদের হাতে নির্যাতনের হার সবচেয়ে বেশি, ৮৩ শতাংশ। এখানে বিষয়টা খেয়াল করার মতো। নির্যাতনকারীদের তালিকায় সবার ওপরে এমন মানুষ, যাদের সঙ্গে শিশুটির কোনো চেনাজানা নেই, যারা হয়তো একই রাস্তা দিয়ে রোজ হেঁটে যান। বিপদ তাই কোনো অন্ধকার গলিতে সীমাবদ্ধ নয়। সেটা প্রকাশ্য রাস্তাতেই, সবার চোখের সামনে। এ ছাড়া শিশুদের যৌন হয়রানি ও গ্যাংরেপের মতো ভয়াবহ নির্যাতনের শিকার হওয়ার ঘটনাও রয়েছে। এ ধরনের ঘটনা অনেক সময় লোকলজ্জা ও ভয়ে চাপা পড়ে যায়। তাই জরিপের সংখ্যা বাস্তব চিত্রের পুরোটা ধরতে পারছে কি না, সে প্রশ্ন থেকেই যায়।
রাস্তার আরেক বড় ঝুঁকি মাদক। বিবিএসের জরিপে ১২ শতাংশ পথশিশু মাদকাসক্ত বলে দেখা গেছে। তবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ২০২২ সালের এক গবেষণায় এ হার ৫৮ শতাংশ বলা হয়েছে। অনেকে আবার মাদক বিক্রির সাথেও জড়িয়ে পড়ে।

বিবিএস এর ২০২২ সালের জরিপ অনুযায়ী, ৭১ দশমিক ৮ শতাংশ পথশিশুর বাবা-মা উভয়েই জীবিত এবং ৯১ দশমিক ২ শতাংশ শিশু পরিবারের সঙ্গে থাকতে চায়। তবে ৭১ দশমিক ৬ শতাংশ পুনর্বাসন কেন্দ্রে যেতে আগ্রহী নয়। এই তিনটি সংখ্যা একসঙ্গে পড়লে একটা অস্বস্তিকর প্রশ্ন সামনে আসে। বেশির ভাগ শিশুর বাবা-মা বেঁচে আছেন, প্রায় সবাই পরিবারের কাছে থাকতে চায়, অথচ তারা রাস্তায়। তাহলে এই শিশুদের সমস্যা কি শুধু আশ্রয়ের অভাব, নাকি পরিবার থেকে বেরিয়ে আসতে হয়েছে এমন কোনো কারণ আছে, যার সমাধান কেন্দ্র বানিয়ে হয় না?

পথশিশুদের জন্য সমাজসেবা অধিদপ্তরের ছয়টি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দুটি কেন্দ্র আছে।কিন্তু প্রতি ১০ জনের প্রায় ৭ জন বলেছে, তারা সেখানে থাকতে চায় না। কারণ কড়া নিয়ম, ধূমপানের সুযোগ না থাকা আর বন্ধুদের সঙ্গে মেলামেশা কম। বড়দের চোখে এগুলো সামান্য আপত্তি মনে হতে পারে। কিন্তু একটা শিশুর কাছে রাস্তা শুধু বিপদ না, সেখানে বন্ধু আছে, নিজের মতো চলার স্বাধীনতা। যে ব্যবস্থা এই দিকটা বোঝে না, সেখানে দরজা খোলা থাকলেও কেউ ঢোকে না।

নতুন পরিকল্পনা

এ বছরের জুলাই মাসে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে পথশিশু ও ঝুঁকিতে থাকা শিশুদের আবাসন, শিক্ষা ও পুনর্বাসনে প্রায় ৪২০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নিচ্ছে। পুরো অর্থ আসবে সরকারি তহবিল থেকে, মেয়াদ ২০৩১ সালের জুন পর্যন্ত, আর জুলাইয়ের শুরুতে উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদনের জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। ডিপিপি অনুযায়ী, প্রকল্পে পরিবার থেকে বিচ্ছিন্ন ৬ হাজার ৬০০ শিশুকে পরিবারে ফেরানো, ১ হাজার ৯০০ শিশুর জন্য আশ্রয় এবং ৪ হাজার ৫০০ শিশুকে আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষার আওতায় আনার লক্ষ্য রাখা হয়েছে। শিশুদের স্বাবলম্বী করতে কারিগরি প্রশিক্ষণ, ৫ হাজার ৭০০ শিশুকে আর্থিক সহায়তা এবং ৫ হাজার ৫০০ শিশু বা তাদের পরিবারকে শর্তসাপেক্ষ নগদ সহায়তার পরিকল্পনা আছে। এ ছাড়া সারা দেশে ১৯টি আশ্রয়কেন্দ্র, ১৫০টি উন্মুক্ত স্কুল ও ১৫টি কাউন্সেলিং বুথ হবে, এবং প্রতিটি শিশুর জন্য বায়োমেট্রিক ডেটাবেজ ও জন্মনিবন্ধন নিশ্চিত করার কথা বলা হয়েছে। কাগজে পরিকল্পনাটি বড়, কিন্তু একটা হিসাব সামনে রাখা দরকার। ডিপিপি অনুযায়ী প্রকল্পটি ৩১টি জেলায় বাস্তবায়নের প্রস্তাব করা হয়েছে, আর আশ্রয়কেন্দ্র হবে ১৯টি। অর্থাৎ প্রকল্পের জেলাগুলোর সবকটিতেও একটি করে কেন্দ্র জুটবে না। ঢাকার মতো যে শহরে পথশিশুর ভিড় সবচেয়ে বেশি, সেখানে এই কেন্দ্রগুলো কতটা ভার নিতে পারবে, তা প্রকল্পের নকশা থেকে এখনই বোঝা যায় না।

অপরাজেয় বাংলাদেশ, বারাকা, ইউসেপ ও লিডোর মতো সংস্থা পথশিশুদের আশ্রয়, শিক্ষা, চিকিৎসা ও মাদক থেকে ফেরার সহায়তা দিচ্ছে। অপরাজেয় বাংলাদেশ ১৯৮৯ সাল থেকে পথশিশুদের জন্য আলাদা কর্মসূচি চালাচ্ছে। বারাকার ২০২৪ সালের হিসাবে চারটি ড্রপ-ইন সেন্টারে প্রায় ১০০ জন দিনরাত থাকতে পারে, আরও প্রায় ৫০ জন শুধু দিনে সেবা পায়। তবে যেসব কেন্দ্রের হিসাব পাওয়া গেছে, সেখানে সেবা পাওয়া শিশু কয়েক ডজন থেকে দেড়শ’র মতো মাত্র। এই সংস্থাগুলোর কাজ অর্থবহ, এবং অনেক শিশুর জীবনে তা সত্যিই পার্থক্য গড়ে। কিন্তু একেকটি কেন্দ্রের সামর্থ্য সীমিত। দেড়শ’ শিশুর সেবা দেওয়া একটা কেন্দ্রের পাশ দিয়েই হয়তো রোজ হাজারো শিশু হেঁটে যায়, যাদের জন্য কোনো কেন্দ্রে জায়গা নেই।

সরকারের লক্ষ্যমাত্রা হলো ৬ হাজার ৬০০ শিশুকে পরিবারে ফেরানো, ১ হাজার ৯০০ জনকে আশ্রয়, ৪ হাজার ৫০০ জনকে শিক্ষা, ৫ হাজার ৭০০ জনকে আর্থিক সহায়তা এবং ৫ হাজার ৫০০ শিশু বা পরিবারকে নগদ সহায়তা।

সব লক্ষ্যমাত্রা যোগ করলে দাঁড়ায় ২৪ হাজার ২০০, যা ৩৪ লাখের এক শতাংশেরও কম। আর এখানে আরেকটা বিষয় আছে। একই শিশু একাধিক সুবিধার তালিকায় পড়তে পারে, যেমন আশ্রয়ও পাবে, শিক্ষাও পাবে। তাই বাস্তবে সুবিধা পাওয়া শিশুর সংখ্যা ২৪ হাজার ২০০-এর চেয়েও কম হতে পারে। সরকারি কেন্দ্র, এনজিও আর নতুন প্রকল্প মিলিয়েও সাহায্য কি পথশিশুদের বড় অংশের কাছে পৌঁছাচ্ছে? সাকিবরা রাস্তায় থেকে বড় হবে, নাকি একদিন নিরাপদ আশ্রয় আর স্কুলের দেখা পাবে, এই উত্তর আজও কারও কাছে নেই।


Picture of মুখরিত রহমান মুখর

মুখরিত রহমান মুখর

মুখরিত রহমান মুখর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে পড়েন।

শেয়ার করুন

পড়তে পারেন

কবিতা, প্রেম, প্রতিবাদ আর লোকজ সুরে বাংলা গানকে আলাদা এক ভাষা দিয়েছিলেন সঞ্জীব চৌধুরী। তাঁর গান আজও ফেরে, ফাঁকা থাকে তাঁর আসন।

দ্য পাবলিশ

পাকিস্তানে খ্যাতি, বাংলাদেশে সম্মান, ভারতে ভালোবাসা। সীমান্ত পেরিয়ে কীভাবে সবার হয়ে উঠলেন রুনা লায়লা?

দ্য পাবলিশ

মানুষের মনোযোগ নাকি গোল্ডফিশের চেয়েও কম! আট সেকেন্ডের এই মিথ্যা কীভাবে ছড়াল, আর কারা একে ব্যবসার হাতিয়ার বানাল?

দ্য পাবলিশ

কাফকার গল্পে দুঃস্বপ্নের সঙ্গে বাস্তবতার ফারাক ক্রমেই মুছে যায়। সেখানে মানুষ লড়াই করে এমন এক ব্যবস্থার বিরুদ্ধে, যার নিয়ম আছে, কিন্তু নাই ব্যাখ্যা ও যুক্তি।

সাঈদ হোসাইন শান্ত

Scroll to Top