গজলকে সহজ করেছিলেন, জীবনটা সহজ ছিল না

জগজিৎ সিংয়ের কণ্ঠে প্রেম, বিরহ আর বিষাদ খুঁজে পেয়েছে নতুন ভাষা। ব্যক্তিগত জীবনের গভীর শোক পেরিয়েও কীভাবে তিনি কোটি মানুষের দুঃখের সঙ্গী হয়ে উঠেছিলেন।

● দ্য পাবলিশ

নভেম্বর ৮, ২০২৬

জাগজিৎ সিং: গজলকে সহজ করেছিলেন, জীবনটা আর সহজ হলো না | দ্য পাবলিশ The Publish

ইলাস্ট্রেশন : দ্য পাবলিশ / সূত্র: পা. ডো.


৮ ফেব্রুয়ারি ১৯৪১, তৎকালীন বিকানের রাজ্যের শ্রীগঙ্গানগরে (ভারতের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রাজ্য) জন্ম নেন জগমোহন সিং ধিমান, নামধারী এক শিখ পাঞ্জাবি পরিবারে। বাবা সরদার অমর সিং ধিমান সরকারের গণপূর্ত বিভাগে জরিপকারী হিসেবে কাজ করতেন, মা বচ্চন কউর। পরিবারে তার ডাকনাম ছিল “জিৎ”। সচ্ছলতা ছিল না পরিবারে। তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন, হারিকেনের আলোয় পড়াশোনা করতে হয়েছে তাঁকে, কারণ বাড়িতে বিদ্যুৎ ছিল না। অথচ এই ছেলেটিই একদিন গোটা উপমহাদেশের ঘরে ঘরে রাতের ঘুম ভাঙিয়েছে গজলের সুরে।

শৈশবে গুরুদ্বারে শবদ গাইতেন। শিখ গুরুদের জন্মবার্ষিকীর মিছিলে মেলাতেন গলা। বাবা লক্ষ করলেন, ছেলের গলায় কিছু একটা আছে, যেটা কেবল ভক্তি নয়। শুরু হলো পণ্ডিত ছগনলাল শর্মার কাছে তালিম, যিনি নিজে দৃষ্টিহীন ছিলেন কিন্তু সংগীতের চোখে দেখতেন সবচেয়ে স্পষ্ট। এরপর সেনিয়া ঘরানার ওস্তাদ জামাল খানের কাছে ছয় বছরের দীর্ঘ তালিম নেন তিনি, খেয়াল, ধ্রুপদ, ঠুমরি সব শিখলেন একে একে।

কিন্তু একটা কাণ্ড ঘটে গেল কৈশোরে, যেটা প্রায় সম্পর্কচ্ছেদ ঘটিয়ে দিয়েছিল বাবার সঙ্গে। নামধারী শিখ রীতিতে চুল-দাড়ি কাটা নিষিদ্ধ। আর জাগজিৎ একদিন কেটে ফেললেন দুটোই। বাবা এতটাই আহত হলেন যে সম্পর্ক প্রায় ভেঙেই যাচ্ছিল, এবং কিছুদিনের জন্য মঞ্চে গান গাওয়াও বন্ধ হয়ে গিয়েছিল তাঁর। ধর্মীয় শৃঙ্খলা আর শিল্পীর নিজস্বতার মধ্যেকার এই সংঘর্ষ, বলা যায়, তাঁর গোটা জীবনের একটা প্রস্তাবনা হয়ে রইল।

বিজ্ঞান থেকে ইতিহাসে, ইঞ্জিনিয়ারিং থেকে গজলে

খালসা হাই স্কুল আর সরকারি কলেজ, শ্রীগঙ্গানগর, এখান থেকেই শুরু প্রাতিষ্ঠানিক পড়াশোনার। ম্যাট্রিকের পর বিজ্ঞান নিয়ে পড়লেন, কিন্তু মন পড়ে রইল সুরে। বাবার ইচ্ছা ছিল ছেলে ইঞ্জিনিয়ার হবে, নয়তো অন্তত সরকারি চাকরির পরীক্ষায় বসবে। জাগজিৎ বেছে নিলেন জলন্ধরের ডিএভি কলেজ, বিশেষ কারণে, সেখানকার অধ্যক্ষ প্রতিভাবান সংগীতশিল্পীদের হোস্টেল আর টিউশন ফি মওকুফ করতেন। শিল্পের প্রতি এই বিনিয়োগ, একটা কলেজের এই ছোট্ট উদারতা, ইতিহাসের হিসেবে হয়তো নেহাতই একটা পাদটীকা, কিন্তু ভারতীয় গজল সংগীতের গতিপথ তাতে অনেকখানি বদলে গিয়েছিল।

জাগজিৎ সিং: গজলকে সহজ করেছিলেন, জীবনটা আর সহজ হলো না | দ্য পাবলিশ The Publish
ছবিতে, জাগজিৎ সিং

১৯৬১ সালে, ডিএভি কলেজেই যোগ দিলেন অল ইন্ডিয়া রেডিওর জলন্ধর কেন্দ্রে, গান আর সুর তৈরির কাজে। কলা বিভাগে স্নাতক শেষ করে হরিয়ানার কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর করলেন।

সাল ১৯৬৫। ভাগ্য খুঁজতে বোম্বাই পাড়ি দিলেন জগজিৎ। শহরটা তখন হিন্দি ফিল্মি সংগীতের রাজত্ব, আর গজলের জগৎ দখল করে আছেন নূরজাহান, মালিকা পুখরাজ, বেগম আখতার, তালাত মাহমুদ, মেহেদী হাসানের মতো নাম। এমন এক শহরে এক তরুণ পাঞ্জাবি ছেলে, যাঁর কণ্ঠে কোনো উস্তাদি ঘরানার তকমা নাই, তাঁর জন্য জায়গা করে নেওয়া সহজ ছিল না। বিয়েবাড়িতে গান, বিজ্ঞাপনের জিঙ্গেল, তথ্যচিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোর, এসবেই কাটল প্রথম কয়েকটা বছর। তাঁর প্রথম প্লেব্যাক আসলে হিন্দিতেও নয়, গুজরাটি ছবি “ধরতী না ছোরু”-তে, প্রযোজক সুরেশ আমিন, যাঁকে জাগজিৎ আদর করে ডাকতেন “ঝোলিওয়ালে বাবা” বলে, কারণ লোকটা সবসময় লাল কাঁধ-ব্যাগ নিয়ে ঘুরতেন।

এই সংগ্রামের বছরগুলাতেই এক জিঙ্গেল রেকর্ডিংয়ে দেখা হলো এক নারীকণ্ঠশিল্পীর সঙ্গে, নাম চিত্রা দত্ত। মুম্বাইয়ের কোনো এক স্টুডিওর নিভু আলোয় শুরু হলো এমন একটা গল্প, যেটা ভারতীয় সংগীতের চেহারাই পাল্টে দিবে।

চিত্রার সাথে প্রেম, আর প্রথাভাঙা এক বিয়ে

চিত্রা তখন এক ভাঙা বিয়ের শেষ প্রান্তে দাঁড়িয়ে। দুজনের পরিচয় ১৯৬৭ সালে, দুই বছরের প্রেমপর্ব শেষে ১৯৬৯ সালের ডিসেম্বরে বিয়ে। বিয়েটা ছিল জাঁকজমকহীন, প্রায় গোপনীয় ভাবে, খরচ হয়েছিল মোটে ত্রিশ টাকা, আর অনুষ্ঠান শেষ হয়েছিল দুই মিনিটে। যে দম্পতি পরে কোটি কোটি মানুষের প্রেমকে সুর দেয়, তাদের নিজেদের বিয়েটাই ঘটে গিয়েছিল এক লহমার নিঃশ্বাসে।

১৯৭১ সালে জন্ম নিল তাঁদের একমাত্র সন্তান, বিবেক, বাড়িতে ডাকনাম “বাবু”। জাগজিৎ পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমার মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ”। দম্পতি হিসেবে গাইতে শুরু করলেন দুজনে। কিন্তু সাফল্য এলো না সহজে। সাত বছর লাগল প্রথম উল্লেখযোগ্য সাফল্যের জন্য। ১৯৭৬ সালে এইচএমভি প্রকাশ করল তাঁদের প্রথম এলপি, “দ্য আনফরগেটেবলস”। অ্যালবামটা ছিল অদ্ভুত রকম প্রথাভাঙা, দশটা গান, দুটো যুগলে, বাকিগুলা জাগজিৎ আর চিত্রা আলাদা আলাদাভাবে গাইলেন। “বাত নিকলেগি” গানটা রাতারাতি তাঁদের তারকা বানিয়ে দিল। দ্য ইনডিপেনডেন্ট পত্রিকা ২০১১ সালে লিখেছিল, এই অ্যালবাম ভারতীয় জনপ্রিয় ও গজল সংগীতের ইতিহাসে এক যুগান্তকারী মোড় তৈরি করেছিল, যার প্রভাব এখনো অটুট। জাগজিৎ নিজে বলেছিলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছিলাম গজলকে একটু ঝকঝকে করে তুলব, আধুনিক রুচির উপযোগী করব, তাই সহজ কবিতা বেছে সহজ সুরে বাঁধলাম”।
এই বিক্রি হওয়া রেকর্ডের টাকাতেই তাঁরা কিনলেন বোম্বাইয়ে তাদের প্রথম নিজস্ব ফ্ল্যাট।

জাগজিৎ সিং: গজলকে সহজ করেছিলেন, জীবনটা আর সহজ হলো না | দ্য পাবলিশ The Publish
ছবিতে, জাগজিৎ সিং

অর্থ, সাথ সাথ, আর মির্জা গালিব

আশির দশক এলো ঝড়ের বেগে। ১৯৮০ সালে জাভেদ আখতারের কবিতায় সুর দিলেন কম বাজেটের ছবি “সাথ সাথ”-এর জন্য, প্রায় বিনা পারিশ্রমিকে, পরিচালক রমন কুমারের স্টুডিও খরচও নাকি নিজের পকেট থেকে দিয়েছিলেন। একই বছর মহেশ ভাটের ছবি “অর্থ”। মহেশ ভাটের অত্যন্ত ব্যক্তিগত ও আত্মজৈবনিক সিনেমা ছিল “অর্থ”। জগজিৎ সিং এই ছবির আবহ সংগীত ও গানের দায়িত্ব নেন। ক্যাসেট বিক্রির লভ্যাংশ পাওয়ার শর্তে তিনি এখানেও নামমাত্র পারিশ্রমিকে কাজ করেছিলেন। মহেশ ভাট বিভিন্ন সাক্ষাৎকারে বলেন যে, জগজিতের সেই হৃদয়স্পর্শী সুর ও কণ্ঠ ছাড়া এই সিনেমার আবেগ দর্শকদের মন ওভাবে ছুঁতে পারত না। “ঝুকি ঝুকি সি নজর”, “তুম ইতনা জো মুসকুরা রাহে হো” গজলগুলা এই সিনেমারই সৃষ্টি। “সাথ সাথ” আর “অর্থ”, এই দুটো ছবির গানের ক্যাসেট আজও এইচএমভির ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রি হওয়া যুগল রেকর্ডিংয়ের তালিকায় ওপরের দিকে।

১৯৮৭ সালে এলো “বিয়ন্ড টাইম”, ভারতের প্রথম সম্পূর্ণ ডিজিটাল রেকর্ডিংয়ে তৈরি অ্যালবাম। প্রযুক্তির দিক থেকেও তিনি প্রথম সারিতে থাকতে চেয়েছিলেন সবসময়। পরের বছর, ১৯৮৮ সালে, গুলজারের কালজয়ী টিভি সিরিয়াল “মির্জা গালিব”-এর জন্য সুর দেন জগজিৎ। নাসিরুদ্দিন শাহ অভিনীত এই সিরিয়াল উনিশ শতকের সবচেয়ে বড় উর্দু কবির কবিতাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়, আর জাগজিতের কণ্ঠ যেন গালিবের নিজস্ব স্বরযন্ত্র হয়ে উঠে। গুলজার নিজে বলেছিলেন, “মনে হয় গালিব যেন তাঁকে শুধু নিজের লেখার ভাণ্ডারই দিয়ে যাননি, দিয়ে গেছেন গজলের মেজাজটাও”। এই কাজের জন্য ১৯৯৮ সালে সাহিত্য আকাদেমি পুরস্কার পান তিনি, একজন গায়কের জন্য যা রীতিমতো বিরল সম্মান।

যে রাত সব বদলে দিল

সাল ১৯৯০। চিত্রা-জগজিতের আদরের ছেলে বিবেকের বয়স তখন কুড়ির কোঠায়, কারও কারও হিসেবে আঠারো, কারও মতে একুশ, সূত্রভেদে সংখ্যাটা বদলায়, কিন্তু ক্ষতটা একই। একটা সড়ক দুর্ঘটনায় মারা যায় তাঁদের একমাত্র সন্তান বিবেক। যে মানুষটা বছর কুড়ি আগে বলেছিলেন নিজেকে পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি মনে হচ্ছিল, সেই একই মানুষ এবার সবচেয়ে নিঃস্ব।

এই ঘটনার পর চিত্রা আর কখনো গান গাইলেন না। কণ্ঠ যেন হারিয়ে গেল চিরতরে। জাগজিৎ আর চিত্রা এক বছর সম্পূর্ণ সংগীত থেকে দূরে সরে রইলেন। তারপর জাগজিৎ ধীরে ধীরে ফিরলেন, কিন্তু চিত্রা ফিরলেন না। ফেরার পরের প্রথম অ্যালবাম ছিল “মন জীতে জাগজিৎ”, শিখ ভক্তিগীতির সংকলন, যেন গুরুদ্বারের সেই বালকবেলায় ফিরে গিয়ে সান্ত্বনা খুঁজছিলেন তিনি।

দ্য গার্ডিয়ান লিখেছিল, তিনি গভীর বিষণ্নতায় ভুগেছিলেন, আর তাঁর যন্ত্রণা প্রায়ই তাঁর লাইভ পারফরম্যান্সে স্পষ্ট হয়ে উঠত। কবি নিদা ফাজলি স্মরণ করেছিলেন, ছেলের মৃত্যুর পর এক কনসার্টে তরুণ শ্রোতাদের ভিড় দেখে অবাক হয়ে জাগজিৎকে জিজ্ঞেস করেছিলেন, জিন্স আর পপ সংগীতের এই যুগে এত তরুণ গজল শুনতে আসে কীভাবে?। জাগজিৎ নিজে নিদা ফাজলির একটা পঙক্তি হৃদয়ে ধারণ করেছিলেন সেই সময়, দুঃখকে অন্য কোথাও না নিয়ে গিয়ে, ঘরে ছড়িয়ে থাকা জিনিসগুলাকেই নতুন করে সাজানোর কথা। শোককে তিনি সরিয়ে দেননি, বেঁধেছিলেনসু রে। “গম কা খাজানা তেরা ভি হ্যায়, মেরা ভি, ইয়ে নজরানা তেরা ভি হ্যায়, মেরা ভি, আপনে গম কো গীত বানা কে গা লেনা”, নিজের দুঃখটাকেই গান বানিয়ে গেয়ে ফেলো, এই ছিল তাঁর দর্শনের সারকথা।

১৯৯১ সালে লতা মঙ্গেশকরের সঙ্গে “সজদা” অ্যালবাম প্রকাশ পেল, আর সেটা অ-চলচ্চিত্র গজল অ্যালবামের সব বিক্রির রেকর্ড ভেঙে দেয়। গুলজার বলেছিলেন, “সজদা”-য় লতাজি অসাধারণ গেয়েছেন, কিন্তু জাগজিৎ গেয়েছিলেন একজন প্রকৃত গজলপ্রেমীর মতো, যেন গাইতে গাইতে নিজেই এক কিশোর প্রেমিক হয়ে উঠতেন তিনি।

জাগজিৎ সিং: গজলকে সহজ করেছিলেন, জীবনটা আর সহজ হলো না | দ্য পাবলিশ The Publish
ছবিতে, জাগজিৎ সিং ও চিত্রা সিং।

২০০১ সালের একটা ঘটনা। যে দিন সকালে তাঁর মায়ের শেষকৃত্য সম্পন্ন হলো, সেই দিনই বিকালে জাগজিৎ কলকাতায় উড়ে গেলেন, এক নির্ধারিত কনসার্টের জন্য। শিল্পীর দায়বদ্ধতা, নাকি নিজের শোক থেকে পালানোর একটা উপায়? হয়তো দুটোই। মঞ্চে ওঠার আগে তাঁকে দেখে কেউ বুঝতে পারেনি সকালেই তিনি মাকে মাটি দিয়ে এসেছেন। শিল্পীর জীবনের এইসব নিঃশব্দ বীরত্ব সাধারণত জীবনীগ্রন্থেই লেখা থাকে। আরেকটা আঘাত এলো ২০০৯ সালে। চিত্রার প্রথম বিয়ের কন্যা, মনিকা চৌধুরী, পঞ্চাশ বছর বয়সে আত্মহননের পথ বেছে নেন। এই পরিবারটা যেন শোকের এক অদ্ভুত পুনরাবৃত্তিতে আটকে ছিল, বারবার। তবু জাগজিৎ গাইতেন। ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, ১৯৯৮ আর ২০০৭ সালে দুবার হৃদযন্ত্রের বাইপাস অস্ত্রোপচার, বছরের পর বছর ধূমপানের অভ্যাস (প্রথম হৃদরোগের পরই যা ছেড়ে দিয়েছিলেন), এসবের মধ্যেও তাঁর সংগীতযাত্রা থামেনি এক মুহূর্তের জন্যও।

রাজনীতি, পরিচয়, আর গণসংস্কৃতির প্রশ্নে

জাগজিৎ শুধু প্রেমের গায়ক ছিলেন না। ২০০৭ সালের ১০ মে, ভারতীয় সংসদের সেন্ট্রাল হলে, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সার্ধশতবর্ষ উপলক্ষে অনেক রাজনৈতিক ও কূটনৈতিক ব্যক্তিত্বের সামনে বাহাদুর শাহ জাফরের বিখ্যাত গজল “লাগতা নেহি হ্যায় দিল মেরা” পরিবেশন করেছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ির কবিতাতেও সুর দিয়েছিলেন, “নয়ি দিশা” (১৯৯৯) এবং “সংবেদনা” (২০০২) অ্যালবামে। রবিশঙ্করের মতো শিল্পীদের সঙ্গে মিলে শিল্প-সংস্কৃতির রাজনীতিকরণ এবং লোকশিল্পীদের প্রতি রাষ্ট্রীয় অবহেলা নিয়েও প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিলেন তিনি।

গায়ক তালাত আজিজ বলেছিলেন, জাগজিৎ গজলে পশ্চিমা যন্ত্র যেমন গিটার নিয়ে এসেছিলেন, বাদ্যযন্ত্রের নতুন ইন্টারলিউড তৈরি করেছিলেন, প্রথাগত ছন্দ ভেঙে সুরকে অনেক বেশি শ্রুতিমধুর করে তুলেছিলেন, আর এভাবেই গজলের অভিজাত তকমাটা ভেঙে ফেলে তাকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। জাভেদ আখতার বলেছিলেন তাঁর কণ্ঠে যে প্রশান্তি ছিল, তা যেন ক্ষতবিক্ষত অনুভূতির ওপর একধরনের প্রলেপ। জাগজিৎ নিজে বলতেন, নিজে গজলের অর্থ বুঝে তবেই সাধারণ শ্রোতার কাছে তা পৌঁছে দিতে চেষ্টা করতেন তিনি, শিল্পকে দুর্বোধ্য রাখাটা তাঁর লক্ষ্য কখনোই ছিল না।

জাগজিৎ সিং: গজলকে সহজ করেছিলেন, জীবনটা আর সহজ হলো না | দ্য পাবলিশ The Publish
ছবিতে, জাগজিৎ সিং।

সত্তর বছর, সত্তরটা কনসার্ট, আর শেষ রাত

২০১১ সালের ফেব্রুয়ারিতে সত্তর পূর্ণ করলেন জাগজিৎ। জন্মদিন উদযাপনের পদ্ধতিটাও তাঁর চরিত্রের সঙ্গে মিলে যায়, বিশ্রাম না, বরং সত্তরটা কনসার্টের প্রতিশ্রুতি দেন তিনি। যুক্তরাজ্য, সিঙ্গাপুর, মরিশাস ঘুরে বেড়ালেন সারা বছর। সেপ্টেম্বরে গুলাম আলীর সঙ্গে মুম্বাইয়ে একটা যৌথ কনসার্টের কথা ছিল, দুই ভিন্ন দেশের দুই কিংবদন্তি গজলশিল্পী একসঙ্গে মঞ্চে, শ্রোতাদের জন্য এ ছিল স্বপ্নের মতো এক সন্ধ্যার প্রতিশ্রুতি।
গুলজার তার সাথে শেষ সাক্ষাতের কথা মনে করে বলেছিলেন, “সে অসুস্থ হওয়ার মাত্র দুদিন আগে আমার সঙ্গে দেখা হয়েছিল। আমি ওকে বলতাম একটু ধীরে চলো, একটু বিশ্রাম নাও। কিন্তু ও সবসময় ব্যস্ত থাকত। ওকে থামানো মুশকিল ছিল। এত উদ্যম ছিল ওর মধ্যে”।

২৩ সেপ্টেম্বর ২০১১, কনসার্টের ঠিক আগে, মস্তিষ্কে রক্তক্ষরণ হলো জাগজিতের। মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে দুই সপ্তাহেরও বেশি সময় কোমায় থাকার পর, ১০ অক্টোবর ২০১১, থেমে গেল সেই কণ্ঠ, যেটা কখনো থামেনি অন্ধকারেও, যেটা মায়ের মৃত্যুর দিনেও কলকাতার মঞ্চে গান গেয়েছিল। পরদিন মুম্বাইয়ের মেরিন লাইনসের কাছে চন্দনওয়াড়ি শ্মশানে সৎকার করা হয় তাঁকে।

গুলজার আর জাগজিতের বন্ধুত্ব ছিল পঞ্চাশ বছরের পুরনো, জাগজিৎ যখন সবে বোম্বাইয়ে পা রেখেছিলেন, তখন থেকেই। মৃত্যুর পর গুলজার লিখেছিলেন এক আবেগঘন শোকগাথা, “মৃত্যু মানুষকে দুর্বল আর অসহায় করে তোলে। আল্লাহ মিয়া যা দেন তা কেড়ে নেন, কিন্তু যা নিয়ে যান, তা আর ফেরত দেন না, তাই না? আমি জানি মৃত্যু জীবনকে দৃষ্টিভঙ্গি দেয়, কিন্তু এই মূল্যে?”। তিনি জাগজিৎকে তুলনা করেছিলেন এক হাওয়ার সঙ্গে, যে কোথাও স্থির থাকত না, কখনো পুনে, কখনো সাতারা, কখনো কলকাতা, “আর আজ সে একটা ফ্রোজেন বাক্সে বন্দি”।

ডন পত্রিকায় গুলজার আরও বলেছিলেন, জাগজিতের চলে যাওয়া মানে যেন একটা গোটা যুগ উঠে যাওয়া। এত বড় ব্যক্তিত্ব, এত বড় উপস্থিতি, একসঙ্গে সরে গেলে যে শূন্যতা তৈরি হয়, তা বর্ণনা করা সত্যিই কঠিন কাজ। আর সেই একই শোকযাত্রায় গুলজার বলেছিলেন চিত্রার কথা, স্ত্রীর জন্য এক গভীর সমবেদনা নিয়ে, প্রথমে ছেলে হারালেন, এবার স্বামীও চলে গেলেন। হাসপাতাল থেকে যখন দেহ আনা হলো, চিত্রা প্রথমে ভেবেছিলেন এখনো তিনি কোমাতেই আছেন।

জাগজিৎ সিং: গজলকে সহজ করেছিলেন, জীবনটা আর সহজ হলো না | দ্য পাবলিশ The Publish
ছবিতে, জাগজিৎ সিং।

মরণোত্তর, যে কণ্ঠ থামল, তবু থামল না

মৃত্যুর পর সম্মান এসেছে ঢালাও, কিন্তু কিছু সেই সম্মানকে তাঁর জনপ্রিয়তা ভাঙিয়ে ব্যবহার করার চেষ্টাও করেছিল বলে সমালোচনা করেছিলেন চিত্রা নিজেই। ২০১২ সালে রাজস্থান সরকার মরণোত্তর সর্বোচ্চ বেসামরিক সম্মান “রাজস্থান রত্ন” দেয়। ২০০৩ সালেই পেয়েছিলেন পদ্মভূষণ। আশরানি মাথুরের সম্পাদনায় প্রকাশিত হয় তাঁর জীবনী “বিয়ন্ড টাইম”, প্রায় চল্লিশ ঘণ্টার সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে তৈরি। ২০১৩ সালে গুগল তাঁর বাহাত্তরতম জন্মবার্ষিকীতে একটা ডুডল উৎসর্গ করে। “কাগজ কি কাস্তি” (কাগজের নৌকা) গানটা, যেটা তাঁর শৈশব আর নিষ্পাপতার হাহাকার নিয়ে লেখা, আজও বোধহয় তাঁর সবচেয়ে বেশি শোনা গান, এবং দুর্ভাগ্যক্রমে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক, কারণ নিজের সন্তানকেই তিনি হারিয়েছিলেন এমন এক দুর্ঘটনায় যা কাগজের নৌকার মতোই ভঙ্গুর জীবনের কথা মনে করিয়ে দেয়।

জাগজিৎ সিংয়ের জীবন পড়লে মনে হয়, এই মানুষটা দুঃখকে পরাজিত করার চেষ্টা করেননি কখনো, দুঃখের সঙ্গে বসবাস করতে শিখিয়েছিলেন নিজেকে, এবং শ্রোতাকেও। ছেলের মৃত্যুর পর গান না গাওয়ার সিদ্ধান্তটা ভাঙার পেছনে যে দর্শন কাজ করেছিল, ঘরে ছড়িয়ে থাকা ভাঙা জিনিসগুলোকে আবার সাজিয়ে তোলা, সেটাই বোধহয় তাঁর গোটা শিল্পীজীবনের রূপক। তিনি ভাঙা জিনিস জোড়া লাগাননি, ভাঙাচোরাকেই সুন্দর করে সাজিয়েছিলেন, আর সেই সাজানো ভাঙনের মধ্যে দিয়েই লক্ষ লক্ষ মানুষ নিজেদের দুঃখের ভাষা খুঁজে পেয়েছে। ■


Picture of দ্য পাবলিশ

দ্য পাবলিশ

অনুসন্ধান, গল্প, প্রবন্ধ ও মুক্তচিন্তার স্বাধীন প্ল্যাটফর্ম।
শেয়ার করুন

পড়তে পারেন

কবিতা, প্রেম, প্রতিবাদ আর লোকজ সুরে বাংলা গানকে আলাদা এক ভাষা দিয়েছিলেন সঞ্জীব চৌধুরী। তাঁর গান আজও ফেরে, ফাঁকা থাকে তাঁর আসন।

দ্য পাবলিশ

পাকিস্তানে খ্যাতি, বাংলাদেশে সম্মান, ভারতে ভালোবাসা। সীমান্ত পেরিয়ে কীভাবে সবার হয়ে উঠলেন রুনা লায়লা?

দ্য পাবলিশ

মানুষের মনোযোগ নাকি গোল্ডফিশের চেয়েও কম! আট সেকেন্ডের এই মিথ্যা কীভাবে ছড়াল, আর কারা একে ব্যবসার হাতিয়ার বানাল?

দ্য পাবলিশ

কাফকার গল্পে দুঃস্বপ্নের সঙ্গে বাস্তবতার ফারাক ক্রমেই মুছে যায়। সেখানে মানুষ লড়াই করে এমন এক ব্যবস্থার বিরুদ্ধে, যার নিয়ম আছে, কিন্তু নাই ব্যাখ্যা ও যুক্তি।

সাঈদ হোসাইন শান্ত

Scroll to Top