১৪ বছরের ভুল পরিকল্পনা, ২,৮১১ কোটি টাকা ব্যয়, ফলাফল শূন্য, অতঃপর বাতিল প্রকল্প

১৪ বছরে ২, ৮১১ কোটি টাকা ব্যয় করেও চালু করা যায়নি গাজীপুর বিআরটি প্রকল্প। প্রাণহানি, জনভোগান্তি ও পরিকল্পনার ব্যর্থতার পর বাতিল করা এই প্রকল্পটির ব্যর্থতার দায় কার?

● মাজহারুল মাসুম

নভেম্বর ৩, ২০২৬

১৪ বছরের ভুল পরিকল্পনা, ২,৮১১ কোটি টাকা ব্যয়, ফলাফল শূন্য, অতঃপর বাতিল প্রকল্প | দ্য পাবলিশ The Publish

ইলাস্ট্রেশন : দ্য পাবলিশ


১৪ বছরে ২,৮১১ কোটি টাকার অপচয়, একটা পরিবারের প্রাণ, তবু একটি বাসও নামেনি রাস্তায়।
ধরুন, বাড়িতে গাড়ি রাখার জন্য আপনি একটা গ্যারেজ বানাবেন। নকশা তৈরি করলেন, ঠিকাদার আসল, ২ মাস ধরে কাজ চলল। ২ মাস কাজের পর গ্যারেজ দাঁড়িয়েও গেল প্রায়। তারপর দেখা গেল, দরজা এত সরু যে গাড়িই ঢুকবে না।

গাজীপুর–বিমানবন্দর বিআরটি প্রকল্পের পরিণতি অনেকটা এমনই। তফাত শুধু এটুকু যে, এই গ্যারেজ কারও উঠোনে নয় আর সময়টা মাত্র ২ মাস নয়; ১৪ বছর এবং দেশের অন্যতম ব্যস্ত মহাসড়কের বুকে। যার দাম চুকিয়েছে সাধারণ মানুষ—করের টাকায় আর বিদেশি ঋণের বোঝায়।

১৪ বছরে খরচ হয়েছে ২ হাজার ৮১১ কোটি টাকা। যে বিশেষ বাস চালাতে এত টাকার খরচ, তাতে এখনো কোনো যাত্রী চড়তে পারেনি। গত ১৮ অক্টোবর প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা প্রকল্পটি বাতিল ঘোষণা করেছে। পরদিন ,মানে ১৯ শে অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ চিঠি দিয়ে জানিয়েছে: স্টেশন আর লেন-বিভাজক সরিয়ে করিডোরটি হবে সাধারণ ছয় লেনের মহাসড়ক। বিলুপ্ত হবে ঢাকা বাস র‍্যাপিড ট্রানজিট পিএলসি; তার দায়িত্ব যাবে সড়ক ও জনপথ অধিদপ্তরে।
এমন একটি ভয়াবহ ভুল ১৪ বছর ধরে কারো চোখে পড়লো না কেন!

১৪ বছরের ভুল পরিকল্পনা, ২,৮১১ কোটি টাকা ব্যয়, ফলাফল শূন্য, অতঃপর বাতিল প্রকল্প | দ্য পাবলিশ The Publish
ছবিতে, গাজীপুর থেকে রাজধানী ঢাকার বিআরটি প্রকল্প। ছবি : যুগান্তর

চার বছরের কাজ, লাগল ১৪ বছর

প্রকল্পটি অনুমোদন পায় ২০১২ সালে। ২০.৫ কিলোমিটার করিডোরে বিশেষ বাসের আলাদা লেন হওয়ার কথা ছিল, যাতে গাজীপুর, টঙ্গী আর উত্তরার মানুষ যানজট এড়িয়ে বিমানবন্দরে পৌঁছতে পারেন। লক্ষ্য ছিল ২০১৬ সালের ডিসেম্বরে শেষ করা, ব্যয় ধরা হয়েছিল প্রায় ২ হাজার ৪০ কোটি টাকা।

কাজ তো শেষই হয়নি, মেয়াদ বেড়েছে পাঁচবার, ব্যয় বেড়েছে তিন দফায়। ২০২৪ সালের ডিসেম্বরে মেয়াদ ফুরিয়ে যায়, তারপর আর বাড়ানো হয়নি।

এই পুরো ঘটনায় যে চারটি অঙ্ক বারবার জনগণের সমানে আসে:

১.অনুমোদিত সংশোধিত ব্যয়: ৪ হাজার ২৬৮ কোটি টাকা (এডিবির ২,১১৯ কোটি, ফরাসি সংস্থা এএফডির ৯০৩ কোটি, সরকারের ১,২৪৬ কোটি)।
২.প্রস্তাবিত, কিন্তু নাকচ হওয়া ব্যয়ের পরিমান: ৬ হাজার ৫৯৭ কোটি টাকা।
৩.এ পর্যন্ত খরচ হয়েছে: ২ হাজার ৮১১ কোটি টাকা।
৪.ঠিকাদারদের বকেয়া: প্রায় ১ হাজার কোটি টাকা। এটা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের করা একটা হিসাব।

১৪ বছর, ২,৮১১ কোটি টাকা, তবু একটি বাসও নামেনি রাস্তায়। ২০২৫ সালের ২৭ জুলাই একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) চতুর্থ সংশোধনীর প্রস্তাব নাকচ করে। ওই প্রস্তাবে ব্যয় ২ হাজার ৩২৯ কোটি টাকা বাড়িয়ে মেয়াদ ২০২৯ সাল পর্যন্ত নেওয়ার কথা ছিল। একনেক দেখে, দুর্বল পরিকল্পনা আর নকশায় গুরুতর ত্রুটি, আর নির্দেশ দেয়—দায়ীদের চিহ্নিত করতে হবে।

রাস্তায় বাস নামল না কেন?

বুয়েটের (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) এক বিশেষজ্ঞ টিম আর গণমাধ্যমের কিছু অনুসন্ধান চারটি কারণ দেখিয়েছে।

১. করিডোরটাই ভুল ছিল। এই সড়কে চলে দূরপাল্লার বাস, ট্রাক, কারখানার পণ্যবাহী গাড়ি। এত ব্যস্ত অথচ অপ্রশস্ত পথে আলাদা লেন বসানো মানে বাকি সব ধরনের যানবাহনের জন্য জায়গা কমিয়ে দেওয়া। বুয়েট (বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়) দলের মতে, পরিকল্পনাকারীরা পথের প্রস্থ আর দূরপাল্লার যাত্রী-পণ্যের চাপ—কোনোটিই ঠিকমতো বুঝেননি।
২. স্টেশন এক বাসের, রাস্তায় চলে আরেক বাস। দেশের বেশির ভাগ বাসের দরজা বাঁ পাশে। বিআরটি স্টেশন বানানো হয়েছে ডান পাশে দরজার বাসের জন্য। ফলে বিশেষ বাস কিনতে হতো, আর সেই বাস এই রুটের বাইরে চলত না।
৩. যাত্রা অর্ধেক পথে থেমে যেত। বাস যেত শুধু বিমানবন্দর পর্যন্ত; ঢাকার ভেতরে যেতে হলে আবার নামো, আবার উঠো। বুয়েটের অধ্যাপক শামসুল হকের মতে, বিশ্বব্যাংকের অর্থায়নে ঢাকার ভেতরে যে সংযোগ রুটের কথা ছিল, তা ২০১৮-১৯ সালের দিকে বাতিল হয়ে যায়। তখনই গাজীপুর অংশের মূল উদ্দেশ্য হারিয়ে যায়।
৪. বাস কেনাই হয়নি। পরিকল্পনা বদলেছে বারবার। লম্বা বাস, তারপর বৈদ্যুতিক, শেষে ১৩৭টি শীতাতপনিয়ন্ত্রিত ডিজেল বাস। ২০২৩ সালের জানুয়ারিতে ডাকা হয়েছিল প্রথম দরপত্র। সেটা বাতিল হয় অনিয়মের অভিযোগে। ২০২৪ সালের এপ্রিলে আবার দরপত্র ডাকা হয়; আইনি জটিলতার কারণে বোর্ড মূল্যায়ন প্রতিবেদন অনুমোদন করেনি। পরিশেষে, একটি বাসও কেনা হয়নি।

রাস্তা আর স্টেশন এগোল। কিন্তু একটি পরিবহনব্যবস্থা চালু করতে যা যা লাগে, তার সবকিছু কখনো একসঙ্গে দাঁড়ায়নি।

সতর্কতা ছিল, কাজ থামেনি

সম্প্রতি টিবিএস তাদের এক পুনঃপ্রতিবেদনে জানিয়েছে, ২০২০ সালেই পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি (IMED) নকশার ত্রুটি, ঠিকাদারের কাজের মান আর দুর্বল তদারকি নিয়ে সতর্ক করেছিল। টিবিএসের আগের প্রতিবেদন অনুযায়ী, ওই বছরের জুনের প্রতিবেদনে অবহেলার জন্য ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ করা হয়। তিন বছর পার হয়ে গেলেও কারও শাস্তি হয়নি। ২০২৪ সালের শেষ দিকে আইএমইডির আরেকটি প্রতিবেদনে আশঙ্কা করা হয়, আলাদা লেন চালু হলে বাকি লেনে যানজট আরও বাড়তে পারে।

২০২২ সালের অক্টোবরে তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বীকার করেছিলেন, ভুল পরিকল্পনার কারণেই প্রকল্পের এই বিশৃঙ্খল দশা। একই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছিলেন যেন কাজ যেভাবেই হোক শেষ করা হয়। পরের বছরের মার্চ-এপ্রিলে খুলে দেওয়ার কথা থাকলেও খোলা হয়নি।

২০২৫ সালের জুলাইয়ে তৎকালীন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রকল্পটিকে যুক্তির সীমা ছাড়ানো অপরিকল্পিত বলে বর্ণনা করেন।

তবু কিছু প্রশ্নের উত্তর এখনো জনসমক্ষে আসেনি। সতর্কতার পর নকশা কি নতুন করে যাচাই হয়েছিল? ঠিকাদারদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা কি নেওয়া হয়েছিল? ব্যয় বাড়ানোর সিদ্ধান্ত কারা, কীভাবে নিয়েছিলেন?

এখানে ক্ষতির হিসাব শুধু টাকায় না

প্রকল্পটির ব্যর্থতা শুধু অর্থনৈতিক নয়, এর সঙ্গে মানুষের প্রাণহানিও জড়িত।

১৫ অগাস্ট ২০২২: উত্তরায় বিআরটি প্রকল্পের গার্ডার একটি প্রাইভেট কারের উপর পড়ে একই পরিবারের পাঁচজন নিহত হন, যাদের মধ্যে শিশুও ছিল।
১৫ এপ্রিল ২০২৩: টঙ্গীতে নির্মাণকাজের ক্রেন পড়ে পাঁচজন আহত হন।

প্রকল্পস্থলে দুর্ঘটনায় মোট নিহতের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমে ছয় ও সাত, দুই ধরনের হিসাব পাওয়া যায়।

আর কারা প্রতিদিন এই ২০ কিলোমিটার পথে নিয়মিত চলাচল করেছেন? একজন চাকরিজীবীর রোজ বাড়তি এক ঘণ্টা লাগলে বছরে কত কর্মঘণ্টা নষ্ট হয়? দেরিতে পৌঁছানো পোশাকশ্রমিকের আয়ে কী প্রভাব পড়ে? যানজটে আটকে থাকা রোগীর ঝুঁকি কতটা বাড়ে? প্রকল্পের আর্থিক নথিতে এ হিসাব নেই। অথচ এই ক্ষতিই ছিল মানুষের সবচেয়ে দীর্ঘ অভিজ্ঞতা।

৯৭ শতাংশ বনাম ৭৭ শতাংশ

বাতিলের আগে সবচেয়ে জোরালো প্রশ্ন ছিল: প্রায় সবই যখন বানানো হয়ে গেছে, আরেকটু বিনিয়োগে বাস নামানো গেল না কেন?

এই পক্ষে ছিল বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) আর নাগরিক সংগঠন গাজীপুর হেরিটেজ অ্যান্ড ডেভেলপমেন্ট। তাদের দাবি ছিল অবকাঠামোর প্রায় ৯৭ শতাংশ শেষ; বাকি কাজে আরও ৩০০ কোটি টাকা লাগলে এক বছরে সেবা চালু করা সম্ভব; আর ভাঙা ও ঠিকাদারদের ক্ষতিপূরণে খরচ হতে পারে হাজার কোটি টাকার বেশি। সিদ্ধান্তের পর বিআইপি একে “কালো দিন” বলেছে।

অন্য পক্ষে বুয়েটের চার সদস্যের টিম। ৮৬ পৃষ্ঠার প্রতিবেদনে তারা বলছেন, পথটি আসলে বিআরটির জন্য যথেষ্ট প্রশস্ত নয়; বাস চালু হলে ভোগান্তি বাড়বে; বাস কেনাসহ আর কোনো বিনিয়োগই যুক্তিযুক্ত হবে না। দলের প্রধান অধ্যাপক শামসুল হক একসময় এই প্রকল্পের পরামর্শক দলেও ছিলেন; ২০২২ সালের শেষ দিকে বুয়েট প্রকল্প ছেড়ে সরে আসে বলে তিনি জানিয়েছেন।

দুই পক্ষের হিসাবের ফারাক বিশাল। বাকি কাজে বিআইপি বলছে ৩০০ কোটি; অথচ একনেকে উঠা সংশোধনীতে বাড়তি চাওয়া হয়েছিল ২ হাজার ৩২৯ কোটি টাকা। অবশ্য ওই অঙ্কে বাস কেনা ও পরিচালনা কোম্পানির খরচও ছিল বলে অন্য প্রতিবেদনে এসেছে। দুই হিসাবের ভিত্তি এক কি না, তা জানা দরকার।

সংখ্যার আরেক গোলমাল ৯৭ শতাংশ নিয়ে। সংশ্লিষ্ট পক্ষের দাবি অনুযায়ী অবকাঠামোর কাজ ৯৭ শতাংশ শেষ হলেও সামগ্রিক ভৌত অগ্রগতি ছিল ৭৭ দশমিক ৪৮ শতাংশ। আর অধ্যাপক হক বলছেন, ৯৭ শতাংশের দাবিটিই সঠিক নয়।

তবে কি ২ হাজার ৮১১ কোটি টাকার পুরোটাই পানিতে গেল? না, অধ্যাপক হকের হিসাবে। তাঁর মতে প্রকৃত ক্ষতি স্টেশনে খরচ হওয়া প্রায় ৯৯–১০০ কোটি টাকা, অর্থাৎ মোটের প্রায় ৪ শতাংশ। বাকি ৯৬ শতাংশ: ১০ লেনের টঙ্গী সেতু, উড়ালসড়ক, ড্রেনেজ, ফুটপাত, সার্ভিস লেন—এখন কাজে লাগছে। এ হিসাব স্বাধীনভাবে যাচাই হওয়া দরকার, কারণ তিনি নিজেই এ বিতর্কের এক পক্ষ। আর রাস্তা কাজে লাগছে মানেই খরচ যথাযথ ছিল না: বিআরটির জন্য বসানো উড়ালসড়কগুলো ব্যয় ও সময় দুটোই বাড়িয়েছে বলে তিনি নিজেই মেনেছেন।

এখন ভাঙা, তারপর আবার গড়া

সিদ্ধান্ত অনুযায়ী স্টেশন, লেন-বিভাজক ও কিছু অবকাঠামো সরিয়ে প্রতি দিকে তিন লেনের মহাসড়ক হবে; দুটি দুই লেনের উড়ালসড়ক চার লেনে বাড়ানো হতে পারে। বুয়েটের সুপারিশ অবশ্য কিছুটা আলাদা ছিল: টোলসহ নিয়ন্ত্রিত-প্রবেশ মহাসড়ক তৈরি করা, আর স্টেশনগুলো আপাতত না ভেঙে টোল প্লাজায় রূপান্তর করা।
অধ্যাপক হকের হিসাবে স্টেশন ভাঙতে লাগবে প্রায় ৪৫ কোটি টাকা, ব্যারিয়ার বসাতে ২৭ কোটি; লোহা বিক্রিতে ফিরবে ৭ কোটি। কিন্তু ঠিকাদারদের বকেয়া, চুক্তির জটিলতা আর কাজের সময় সড়ক চালু রাখার খরচ মিলিয়ে নতুন করে কত লাগবে, তা এখনো কেউ বলতে পারছেন না।

আছে বিদেশি ঋণও। এডিবি ও এএফডি এ পর্যন্ত ২৫৬ মিলিয়ন ডলারের বেশি ছাড় দিয়েছে; প্রকল্প বাতিল হলেও তা সুদসহ শোধ করতে হবে। চিঠিতে আরও বলা আছে, প্রকল্প আনুষ্ঠানিকভাবে বন্ধের আগে উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনা করতে হবে এবং আইনি ও চুক্তিগত জটিলতা মেটাতে হবে।

দায় কার?

বুয়েট দল প্রকল্পটিকে পরিকল্পনা ও বাস্তবায়নের “প্রাতিষ্ঠানিক ব্যর্থতা” বলেছে। প্রতিবেদনে উঠে এসেছে দুর্বল কারিগরি মূল্যায়ন, নকশার ত্রুটি, সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের অভাব আর জবাবদিহির ঘাটতি।

সবচেয়ে বড় দায় পড়েছে ঋণদাতা এডিবির ওপর। বুয়েট একে এডিবির “অযাচিত উদ্যোগ” বলেছে, যা পরে সওজের (সড়ক ও জনপথ অধিদপ্তর) হাতে যায়। সম্ভাব্যতা সমীক্ষা ও নকশার কাজে ছিল অ্যাডভান্সড লজিস্টিকস গ্রুপ (এএলজি), বেটস-টিএমবি জেভি, স্মেক ইন্টারন্যাশনাল, সিস্ত্রা ও এইস কনসালট্যান্টস। এডিবি মন্তব্য করতে রাজি হয়নি। এএলজি বলেছে, তাদের সমীক্ষা বহু বছর আগের এবং তখন সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছিল।

দুটো কথা একসঙ্গে সত্য। ঋণদাতা ছিল বলে সরকার দায় এড়াতে পারে না; আবার সরকারি অনুমোদন ছিল বলে ঋণদাতা ও পরামর্শকরাও আপনাআপনি দায়মুক্ত হন না। আর কারও নাম প্রতিবেদনে এসেছে মানেই তিনি দোষী নন—কে কী দায়িত্ব পালন করেছেন, কে কোন সিদ্ধান্ত নিয়েছেন, তা তদন্তেই দেখতে হবে।

একটি অস্বস্তিকর তথ্যও আছে। ২০২৫ সালের জুলাইয়ে একনেক বৈঠকের পর পরিকল্পনা উপদেষ্টা বলেছিলেন, নকশার ভুল বিদেশি পক্ষের হলেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে বলে মনে হয় না; কারণ এ ধরনের চুক্তিতে সাধারণত দায়মুক্তির ধারা থাকে। ওই বৈঠকেই আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছিল। এখন পর্যন্ত কারও বিরুদ্ধে ব্যবস্থার খবর প্রকাশিত প্রতিবেদনে মেলেনি।

যে প্রশ্নগুলোর উত্তর বাকি

প্রকল্প বাতিল হয়েছে, কিন্তু ব্যর্থতার হিসাব শেষ হয়নি। বাকি আছে:
১. ২০২০ সালে সতর্কতার পরও কাজ চলল কেন?
২. ব্যয় ও সময় বারবার বাড়ানোর সিদ্ধান্ত কারা নিয়েছেন?
৩ নির্মাণ-দুর্ঘটনার পর নিরাপত্তাব্যবস্থায় কী বদল এসেছিল?
৪. ঠিকাদারদের পাওনা আর বিদেশি ঋণের দায় কীভাবে মেটানো হবে?
২ হাজার ৮১১ কোটি টাকার কতটা আসলে ক্ষতি, আর কতটা এখনো কাজে লাগছে?

গাজীপুরের মানুষ বছরের পর বছর ধরে একটি দ্রুত আর স্বস্তির যাতায়াতের আশায় ছিলেন। কিন্তু পেয়েছেন শুধু ভোগান্তি; এখন সামনে নতুন মহাসড়কের প্রতিশ্রুতি। কিন্তু নতুন রাস্তা বানালেই পুরোনো ব্যর্থতার দায় মুছে যায় না।

তাই নতুন মহাসড়ক কত দিনে হবে, সেটা এখন বড় প্রশ্ন নয়। বড় প্রশ্ন হলো—যে ভুলে ১৪ বছর আর ২ হাজার ৮১১ কোটি টাকা খরচ করেও একটি বাস চালানো গেল না, সেই ভুলের দায় শেষ পর্যন্ত কে নেবে? ◼


Picture of মাজহারুল মাসুম

মাজহারুল মাসুম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী

শেয়ার করুন

পড়তে পারেন

কবিতা, প্রেম, প্রতিবাদ আর লোকজ সুরে বাংলা গানকে আলাদা এক ভাষা দিয়েছিলেন সঞ্জীব চৌধুরী। তাঁর গান আজও ফেরে, ফাঁকা থাকে তাঁর আসন।

দ্য পাবলিশ

পাকিস্তানে খ্যাতি, বাংলাদেশে সম্মান, ভারতে ভালোবাসা। সীমান্ত পেরিয়ে কীভাবে সবার হয়ে উঠলেন রুনা লায়লা?

দ্য পাবলিশ

মানুষের মনোযোগ নাকি গোল্ডফিশের চেয়েও কম! আট সেকেন্ডের এই মিথ্যা কীভাবে ছড়াল, আর কারা একে ব্যবসার হাতিয়ার বানাল?

দ্য পাবলিশ

কাফকার গল্পে দুঃস্বপ্নের সঙ্গে বাস্তবতার ফারাক ক্রমেই মুছে যায়। সেখানে মানুষ লড়াই করে এমন এক ব্যবস্থার বিরুদ্ধে, যার নিয়ম আছে, কিন্তু নাই ব্যাখ্যা ও যুক্তি।

সাঈদ হোসাইন শান্ত

Scroll to Top