ঢাকা-চট্টগ্রামের মতো বড় বড় শহরে রাস্তা দিয়ে যেতে চোখে পড়ে কঙ্কালসার শিশু-কিশোররা পলিথিন থেকে কী যেন শুঁকে নিচ্ছে। কখনো কোনো ফ্লাইওভারের নিচে একা কোনো পথশিশু, কিংবা মজমা বসিয়ে উপভোগ করছে এই সাদা তরলের ঘ্রাণ। এই তরল দুধ, হালুয়া বা স্বাস্থ্যকর কিছু নয়। এটা মূলত এক ধরনের আঠা। জুতা তৈরিতে যে আঠা ব্যবহার হয়, সে আঠাই শুঁকছে তারা। এরপর কোনো ভদ্রলোকের নজরে পড়লে তারা তার নাম দেন, শালা ‘ড্যান্ডিখোর’।
শুধুই কি নেশা, নাকি অন্য কোনো ব্যাপার?
বাংলাদেশের বড় বড় শহরগুলাতে রাস্তার ধারে, ফ্লাইওভারের নিচে, লোকের আনাগোনা কম, একটু কম আলোতে পথশিশুরা একধরনের নেশায় মেতে আছে। হয়তো বয়স এখনো ছয় পার করেনি এমন শিশুকেও দেখা যায়, পলিথিনে মুখ লুকিয়ে ঘ্রাণ নিচ্ছে বিষাক্ত আঠার। মুখ তুলেই কখনো হেসে উঠছে সঙ্গীদের সাথে, কখনো একা চুপচাপ অবশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ছে।

সুবিধাবঞ্চিত রাস্তার শিশু কিংবা সভ্যলোকের ভাষায় ‘টোকাই’রা ক্ষুধার যন্ত্রণা ভুলে থাকতে এই আঠা সেবন করে। এই কথা বললে কি খুব ভুল হবে? না। বৈজ্ঞানিক ব্যাখ্যায় ব্যবহৃত কঠিন শব্দগুলার দিকে না গিয়ে সহজে বুঝি তাহলে! বৈজ্ঞানিক ব্যাখ্যার সারসংক্ষেপ হলো, এই আঠায় একধরনের ক্ষতিকর রাসায়নিক থাকে, সেটা মস্তিষ্কের স্নায়ুগুলাকে অবশ করে রাখে। যার ফলে, ক্ষুধা লাগলে মস্তিষ্ক সেটা অনুভব করতে পারে না। অর্থাৎ, মস্তিষ্ক ক্ষুধার সিগনালটা আর পায় না। তখন খাবার গ্রহণ করা আর না করার অনুভূতিই আর থাকে না। আপাতদৃষ্টিতে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মনে হলেও মোটেও তা নয়। সাময়িকভাবে এই আঠা ক্ষুধা থেকে মুক্তি দিলেও নিয়মিত সেবনে রয়েছে মারাত্মক ঝুঁকি। অঙ্গপ্রত্যঙ্গ বিকল হওয়া থেকে শুরু করে হৃদরোগের মতো ভয়াবহ রোগ দানা বাঁধতে পারে। এ ছাড়া মেজাজ খিটখিটে ও হিংস্র হয়ে ওঠার মতো ব্যাপার তো আছেই।
এই রাসায়নিকের নাম টলুইন। প্লাস্টিক ও চামড়াজাত পণ্যে ব্যবহৃত আঠার এই মিষ্টি গন্ধের হাইড্রোকার্বনই নেশা ধরায়। তথ্য অনুযায়ী এক কৌটা আঠার দাম ৬০ থেকে ৮০ টাকা, আর একটি কৌটা তিনবার করে, প্রতিবার তিন-চার ঘণ্টা শোঁকা যায়। অর্থাৎ নেশাটা সস্তা, আর হাতের নাগালেই পাওয়া যায়। শুধু শরীর নয়, ঝুঁকি আরও দূরে গড়ায়। ঢাকা ও চট্টগ্রামের ১১ থেকে ১৯ বছর বয়সী পথশিশুদের নিয়ে বিশ্বব্যাংকের এক সমীক্ষায় আঠার পাশাপাশি গাঁজা, ওষুধজাতীয় নেশা আর তামাকের প্রচলনও পাওয়া গেছে। আঠা শোঁকা, ইনজেকশনের নেশা আর অনিরাপদ যৌন আচরণের মধ্যে একটি সম্পর্কের ইঙ্গিতও মিলেছে।
এই আঠা আসক্তির পেছনে আছে একাধিক করুণ গল্প। তারমধ্যে রয়েছে, মা-বাবার বিচ্ছেদ, দারিদ্র্য, প্রোপার গাইডেন্সের অভাব। যার ফলে শিশুরা হয়ে পড়ে পরিবার থেকে বিচ্ছিন্ন। ঘুরে বেড়ায় শহরের বিভিন্ন রাস্তায়। পড়ে খাদ্যের সংকটে। তখন সে বেছে নেয় এমন কোনো পথ, যা তার ক্ষুধার অনুভূতিকে নিভিয়ে দেয়। এরপর খুঁজে বেড়ায় স্বল্প বাজেটের নেশা, যা ক্ষুধা ভুলিয়ে দিবে, সঙ্গে সাময়িক আনন্দও। এভাবে শুরু হয় পথশিশুদের নেশায় আসক্ত হওয়ার গল্প।
তবে সব শিশুই পরিবারহীন, এমনটা ভাবলে ভুল হবে। বিবিএসের ২০২২ সালের জরিপ অনুযায়ী, ৭১ দশমিক ৮ শতাংশ পথশিশুর বাবা-মা দুজনই বেঁচে আছেন। ৩৭ দশমিক ৮ শতাংশ শিশু দারিদ্র্য বা ক্ষুধার কারণে বাড়ি ছেড়ে শহরে এসেছে, আর ৫৮ দশমিক ৫ শতাংশ দিনে রাস্তায় কাজ করে রাতে পরিবারের কাছে ফিরে। ৯১ দশমিক ২ শতাংশ শিশু পরিবারের সঙ্গেই থাকতে চায়।
দেশ-বিদেশের অনেক গণমাধ্যমে এই নিয়ে অনেক প্রতিবেদন হয়েছে। হয়েছে অনেক গবেষণাও। কিন্তু ব্যাপারটা কি কেবল প্রতিবেদন ও গবেষণাতেই আটকে আছে? আছে কি কার্যকরী কোনো পদক্ষেপ?

পথশিশুদের নিরাপদ আশ্রয় ও ভবিষ্যৎ
বিশ্বব্যাংক ও ইউনিসেফের এক গবেষণায় দেখা যায়, ঢাকা শহরের বিশাল সংখ্যক পথশিশু কোনো না কোনোভাবে নেশায় আসক্ত। যার মধ্যে সবচে কমন হলো এই ‘আঠা সেবন’। ইউনিসেফের তথ্যানুযায়ী, বাংলাদেশে প্রায় ৩০ লক্ষ পথশিশু, যার বড় অংশই এই নেশায় আসক্ত।
সংখ্যাটা নিয়ে অবশ্য একাধিক হিসাব চালু আছে। বিবিএস ও ইউনিসেফের ২০২২ সালের জরিপে বলা হয়, দেশে পথশিশু ১০ লক্ষের বেশি। ২০২৪ সালের মার্চে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও ইউনিসেফের গবেষণায় বলা হয়, বাবা-মায়ের যত্ন ছাড়া জীবন কাটানো শিশুর সংখ্যা ৩৪ লক্ষের বেশি।
২০২৬ সালে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিশু একাডেমি যৌথভাবে প্রায় ৪২০ কোটি টাকার একটা প্রকল্প চূড়ান্ত করে। এই প্রকল্পে বলা হয়, পথশিশুদের আবাসন এবং পুনর্বাসনের কাজ করা হবে। প্রস্তাব অনুযায়ী এই কাজ শেষ হওয়ার কথা ২০৩১ সালের জুনে, পুরো খরচ আসবে সরকারের নিজস্ব তহবিল থেকে। গড়া হবে ১৯টি আশ্রয়কেন্দ্র, ৩টি ট্রানজিট হোম, ১৫০টি উন্মুক্ত পথশিশু স্কুল ও ১৫টি কাউন্সেলিং বুথ। ৫ লক্ষের হিসাবে প্রত্যক্ষ উপকারভোগী ২৪ হাজার ৮৫০ জন, বাকিরা পরোক্ষভাবে। প্রস্তাবটি ২০২৬ সালের জুলাইয়ের শুরুতে পরিকল্পনা কমিশনে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এদিকে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বরাদ্দ ৫ হাজার ১৯৬ কোটি টাকা, যা আগের অর্থবছরের সংশোধিত বরাদ্দের (৫ হাজার ৩৭১ কোটি টাকা) চেয়ে কম।
সরকারের এই প্রকল্প কি পারবে পথশিশুদের সুন্দর স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিতে? প্রকল্প তো চূড়ান্ত হলো, এবার দেখার পালা কতটুকু কার্যকর হয়। যদিও ৩০ লক্ষ পথশিশু থেকে মাত্র ৫ লক্ষ শিশুর জন্য নেওয়া এই প্রকল্প খুব ছোট। বাদ পড়ে গেল আরো ২৫ লক্ষ শিশু।