আপনি কোনো সরকারি দপ্তরে ফাইল হাতে এক টেবিল থেকে অন্য টেবিলে ঘুরছেন। কেউ বলছেন, এই কাগজ লাগবে, কেউ বলছেন ওই সই প্রয়োজন। কিন্তু কেন এসব লাগবে, তা কেউ ঠিকমতো জানেন না। শেষ পর্যন্ত দেখা গেল, যে প্রক্রিয়ার মধ্যে আপনি আটকে পড়েছেন, তার উদ্দেশ্যই আপনি বা অন্য কেউ বুঝতে পারছেন না। এমন অভিজ্ঞতাকেই আমরা প্রায়ই বলি ‘কাফকায়েস্ক’ (Kafkaesque)।
শব্দটি এখন ইংরেজি ভাষায় এতটাই প্রচলিত যে অকারণে জটিল, হতাশাজনক ও বিশেষ করে আমলাতান্ত্রিক অভিজ্ঞতা বোঝাতে এটি প্রায়ই ব্যবহৃত হয়। কিন্তু প্রশ্ন হলো, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে দুর্বোধ্য কাগজপত্র পূরণ করার ঝক্কিই কি কাফকার সাহিত্যের মূল বৈশিষ্ট্য? নাকি শব্দটির আড়ালে আরও গভীর কোনো অর্থ লুকিয়ে আছে? এই লেখায় সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করা করবো।
দ্য ট্রায়াল উপন্যাসের জোসেফ কে
কাফকার সবচেয়ে পরিচিত উপন্যাসগুলোর একটি দ্য ট্রায়াল (The Trial)। উপন্যাসটির শুরুই হয় অদ্ভুত এক পরিস্থিতির মধ্য দিয়ে। কেউ নিশ্চয়ই জোসেফ কে-র নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কারণ কোনো অপরাধ না করেও এক সকালে তিনি গ্রেপ্তার হন।
কেন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, তা কেউ জানায় না। যে বিচারপ্রক্রিয়ার মধ্য দিয়ে তাঁকে যেতে হয়, তার প্রকৃতিও তাঁর কাছে অস্পষ্ট থেকে যায়। পুরো প্রক্রিয়াটি দুর্নীতি ও বিশৃঙ্খলায় ভরা। উপন্যাসের শেষ পর্যন্তও তাঁকে অভিযোগের কারণ জানানো হয় না, অথচ শেষ পর্যন্ত তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কাফকার লেখার এই স্বতন্ত্র বৈশিষ্ট্য এতটাই পরিচিত যে, তা বোঝাতে সমালোচকেরা একটি নতুন শব্দই তৈরি করে নিয়েছেন, ‘কাফকায়েস্ক’।
কাফকা, যে নিজেকে ব্যর্থ ভাবতেন
কাফকাকে বুঝতে হলে তাঁর জীবনের দিকে তাকানো প্রয়োজন। ১৮৮৩ সালে প্রাগে তাঁর জন্ম। বাবা হারমান ছিলেন শ্রমজীবী পরিবার থেকে উঠে আসা একজন সফল ব্যবসায়ী। তিনি ছিলেন কর্তৃত্বপরায়ণ ও আগ্রাসী স্বভাবের মানুষ। তাঁর প্রত্যাশা ছিল, ছেলে এমন একজন মানুষ হয়ে উঠবেন, যার আদর্শ বাবার আদর্শের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। কিন্তু কাফকা ছিলেন ছোটখাটো গড়নের, উদ্বিগ্ন ও রুগ্ণ স্বভাবের। বড় হয়েও তাঁর স্বভাবে খুব একটা পরিবর্তন আসেনি। ফলে বাবার চোখে তিনি হয়ে ওঠেন হতাশার কারণ এবং বাবার মানসিক নির্যাতনের অন্যতম লক্ষ্যবস্তু।
কৈশোর থেকেই উদ্বেগ, অপরাধবোধ ও আত্মগ্লানির সঙ্গে লড়াই করার উপায় হিসেবে লেখালেখির প্রতি তীব্র আকর্ষণ অনুভব করেন কাফকা। কিন্তু তাঁর বাবা লেখালেখিকে পেশা হিসেবে নেওয়ার অনুমতি দেননি। বরং তাঁকে আইন নিয়ে পড়তে বাধ্য করেন। আইন পড়ার সময়ই বন্ধু ম্যাক্স ব্রডের সঙ্গে তাঁর পরিচয় হয়। ব্রড নিজেও একজন লেখক ছিলেন। তাঁর উৎসাহেই কাফকার প্রথম তিনটি লেখার সংকলন প্রকাশিত হয় (বেট্রাখটুং, ডাস উরটাইল, ডের হাইৎসার)। তবে সেগুলো তেমন বিক্রি হয়নি, পাঠকমহলেও বিশেষ সাড়া ফেলতে পারেনি।

পড়াশোনা শেষে কাফকা প্রথমে একটি আইন দপ্তরে, পরে একটি বীমা কোম্পানিতে কাজ করেন। সেখানে ছিল দীর্ঘ কর্মঘণ্টা, বিনা পারিশ্রমিকে বাড়তি কাজ, কাগজপত্রের স্তূপ এবং জটিল আমলাতান্ত্রিক কাঠামো। এই একঘেয়ে ও বিষণ্ণ চাকরির ফাঁকেই তিনি লিখেন দ্য ট্রায়াল, দ্য ক্যাসল, আমেরিকা-র মতো সাহিত্যকর্ম। তবে এগুলোর কোনোটিই জীবদ্দশায় প্রকাশের জন্য প্রস্তুত করেননি। অনেকগুলো অসমাপ্তও রেখে গিয়েছিলেন। নিজের লেখার যোগ্যতা নিয়ে তাঁর গভীর সংশয় ছিল।
১৯২৪ সালে মাত্র ৪০ বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে কাফকার মৃত্যু হয়। মৃত্যুশয্যায় তিনি বন্ধু ম্যাক্স ব্রডকে বলে যান, তাঁর অপ্রকাশিত পাণ্ডুলিপিগুলো যেন পুড়িয়ে ফেলা হয়। কিন্তু ব্রড সেই নির্দেশ পালন না করে পাণ্ডুলিপিগুলো সম্পাদনা ও সংকলন করে প্রকাশ করেন। পরবর্তী দশকগুলোতে কাফকা হয়ে ওঠেন বিশ শতকের অন্যতম প্রভাবশালী সাহিত্যিক। নিজের জীবদ্দশায় তিনি হয়তো কল্পনাও করতে পারেননি, তাঁর টেবিলের ড্রয়ারে কী অসাধারণ সাহিত্যিক সম্পদ জমা হয়ে আছে।
শুধু আমলাতন্ত্র নয়
কাফকায়েস্ক মানে কেবল আমলাতন্ত্রের অসংগতি নয়। বরং আমলাতান্ত্রিক ব্যবস্থার মুখোমুখি হয়ে চরিত্রগুলো যেভাবে প্রতিক্রিয়া দেখায়, তাদের অভিজ্ঞতার মধ্যে যে বিদ্রূপ, অসহায়ত্ব ও যুক্তির গোলকধাঁধা তৈরি হয়, সেটিই এর মূল বৈশিষ্ট্য। কয়েকটি গল্পের দিকে তাকালে বিষয়টি আরও স্পষ্ট হয়।
পোসাইডন-এ গ্রিক পুরাণের সমুদ্রদেবতা পোসাইডনকে একজন ব্যস্ত নির্বাহী হিসেবে দেখানো হয়। কাগজপত্রের এত চাপ যে, নিজের সমুদ্ররাজ্য কখনো ঘুরে দেখারও সময় পান না তিনি। বিষয়টি হাস্যকর, কারণ আধুনিক কর্মক্ষেত্রের কাগজপত্রের চাপে একজন দেবতাও নাজেহাল। তবে গল্পটির আরও গুরুত্বপূর্ণ দিক হলো, পোসাইডন নিজের কাজ অন্যের হাতে ছেড়ে দিতে চান না। তাঁর ধারণা, এই কাজ করার যোগ্যতা আর কারও নেই। অর্থাৎ শেষ পর্যন্ত তিনি নিজের অহংকারের কাছেই বন্দি।
দ্য মেটামরফোসিস-এ এক সকালে ঘুম থেকে উঠে ভ্রাম্যমাণ বিক্রয়কর্মী গ্রেগর সামসা আবিষ্কার করেন, তিনি এক বিশাল গোবরে পোকায় রূপান্তরিত হয়েছেন। অথচ এমন অস্বাভাবিক পরিস্থিতিতেও তাঁর প্রথম দুশ্চিন্তা, সময়মতো কাজে পৌঁছাতে পারবেন কি না। একসময় পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্য ছিলেন গ্রেগর। তাঁর আয়ের ওপরই নির্ভর করত পরিবারের জীবনযাপন। কিন্তু রূপান্তরের পর কর্মস্থলে যাওয়া অসম্ভব হয়ে পড়লে পরিবারের আর্থিক দায়িত্ব অন্যদের কাঁধে এসে পড়ে। প্রথমদিকে পরিবারের সদস্যরা তাঁর দেখাশোনা করলেও, ধীরে ধীরে তাঁদের আচরণে বিরক্তি ও অবহেলা বাড়তে থাকে। যিনি একসময় পরিবারের ভরণপোষণ করতেন, উপার্জনের অক্ষমতার কারণে তিনিই ক্রমে ক্রমে পরিবারের কাছে বোঝা হয়ে ওঠেন।
আ হাংগার আর্টিস্ট-এ গল্পটির কেন্দ্রীয় চরিত্র একজন সার্কাসশিল্পী, যাঁর শিল্প হলো দীর্ঘ সময় ধরে উপবাস করা। সার্কাসের মালিক তাঁর উপবাসের সময়সীমা ৪০ দিনে বেঁধে দেওয়ায় তিনি ক্ষুব্ধ হন। তাঁর বিশ্বাস, এতে নিজের শিল্পের সর্বোচ্চ শিখরে পৌঁছানোর সুযোগ তিনি পাচ্ছেন না। পরে দর্শকদের আগ্রহ কমে গেলে তিনি নিজের ইচ্ছেমতো উপবাস চালিয়ে যান এবং একসময় মৃত্যুর দিকে এগিয়ে যান। মৃত্যুর আগে তিনি স্বীকার করেন, তাঁর শিল্প আসলে কোনো বিশেষ ইচ্ছাশক্তির ফল ছিল না। তিনি উপবাস করতেন কেবল এই কারণে যে, পৃথিবীর কোনো খাবারই তাঁর ভালো লাগত না।
এই গল্পগুলো দেখায়, কাফকার চরিত্রগুলোর লড়াই শুধু বাইরের ব্যবস্থার বিরুদ্ধে নয়। অনেক সময় সেই লড়াইয়ের উৎস তাদের নিজেদের ভেতরেও। অহংকার, আত্মপ্রবঞ্চনা এবং নিজেদের সম্পর্কে ভুল ধারণা তাদের সংকটকে আরও গভীর করে তোলে।
দ্য ট্রায়াল-এ আইনের ধারা অস্পষ্ট, বিচারপ্রক্রিয়া দুর্বোধ্য এবং ব্যবস্থার কার্যক্রম এতটাই নিষ্ঠুর ও অপ্রতিরোধ্য যে ক্ষমতাবান কর্মকর্তারাও একে থামাতে পারেন না। এই ব্যবস্থা ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে না; বরং নিজেকে টিকিয়ে রাখাই যেন তার একমাত্র উদ্দেশ্য। রাজনৈতিক তাত্ত্বিক হান্না আরেন্ট কাফকার মৃত্যুর বহু বছর পর এমন পরিস্থিতিকে বর্ণনা করতে ব্যবহার করেন ‘tyranny without a tyrant’ বা স্বৈরশাসকহীন স্বৈরশাসনের ধারণা।
কাফকার গল্পগুলো তাই আধুনিক শিল্পযুগের একধরনের পুরাণের মতো। গল্পের যুক্তি ও পরাবাস্তব পরিস্থিতির মধ্য দিয়ে তিনি দেখিয়েছেন, নির্বিচার ক্ষমতার কাঠামো এবং সেই কাঠামোর মধ্যে আটকে পড়া ব্যক্তির সম্পর্ক কতটা জটিল হতে পারে।
মানুষের অবস্থার প্রতিচ্ছবি
দ্য ট্রায়াল ও দ্য মেটামরফোসিস, উভয় গল্পেই চরিত্ররা হঠাৎ এমন পরিস্থিতির মুখোমুখি হয়, যার কোনো ব্যাখ্যা তারা খুঁজে পায় না। পরিস্থিতির ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ থাকে না। শেষ পর্যন্ত সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যায়।
তবে একটি বিষয় লক্ষণীয়, চরিত্রগুলো সহজে হাল ছেড়ে দেয় না। অন্তত শুরুতে তারা যুক্তি দিয়ে পরিস্থিতি বোঝার এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। যদিও শেষ পর্যন্ত সেই চেষ্টা সফল হয় না। কাফকা এখানে মানুষের অস্তিত্বের একটি মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরেছেন। মানুষ সচেতন ও যুক্তিবান প্রাণী হিসেবে পৃথিবীর অর্থ খুঁজতে চায়। কিন্তু জগতের অসংগতির সঙ্গে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করতে গিয়ে অনেক সময় সেই দ্বন্দ্বকেই আরও দীর্ঘায়িত করে।
তবে এটি কাফকার লেখার সম্ভাব্য ব্যাখ্যাগুলোর একটি মাত্র। তাঁর সাহিত্য এতটাই অস্পষ্ট, পরাবাস্তব ও বহুমাত্রিক যে পাঠকের সংখ্যার প্রায় সমান ব্যাখ্যাও তৈরি হতে পারে। হয়তো তিনি বলতে চেয়েছেন, জীবনের অযৌক্তিক পরিস্থিতিগুলোকে মেনে নিয়ে সেগুলোকে অতিরিক্ত গুরুত্ব না দেওয়াই ভালো। অথবা, প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া উচিত। আবার এমনও হতে পারে, তিনি বোঝাতে চেয়েছেন, সব প্রশ্নের উত্তর মানুষের পক্ষে জানা সম্ভব নয়।
কাফকার লেখা যতই বিষণ্ণ হোক, তাতে হাস্যরসেরও অভাব নেই। বরং পরিস্থিতিগুলোর অযৌক্তিক যুক্তিই অনেক সময় হাসির জন্ম দেয়। বিছানায় পোকা হয়ে জেগে উঠে কাজে দেরি হওয়ার চিন্তা করা কিংবা কাগজপত্রের স্তূপে ডুবে থাকা এক দেবতা। এসব পরিস্থিতি একই সঙ্গে করুণ ও হাস্যকর। এই ট্র্যাজিকমেডির সুরই কাফকায়েস্ককে নিছক আতঙ্ক বা হতাশার অভিজ্ঞতা থেকে আলাদা করে।
আজকের দিনে কাফকায়েস্ক
আজকের পৃথিবীতে কাফকায়েস্ক অভিজ্ঞতার উদাহরণ খুঁজে পাওয়া কঠিন নয়। আমরা ক্রমেই এমন জটিল প্রশাসনিক ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থার ওপর নির্ভরশীল হয়ে পড়ছি, যেগুলোর সিদ্ধান্ত আমাদের জীবনের প্রায় প্রতিটি দিককে প্রভাবিত করে। আমাদের প্রতিটি পদক্ষেপের বিচার হয় এমন ব্যক্তিদের হাতে, যাঁদের আমরা চিনি না; এমন নিয়মের ভিত্তিতে, যেগুলো সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই।
তবে কাফকা শুধু ব্যবস্থার ত্রুটি তুলে ধরেননি। অযৌক্তিকতার দিকে আমাদের মনোযোগ আকর্ষণ করে তিনি আমাদের নিজেদের সীমাবদ্ধতা ও দুর্বলতাও সামনে এনেছেন। মনে করিয়ে দিয়েছেন, আমরা যে পৃথিবীতে বাস করি, তার অনেক কিছুই আমাদের নিজেদের তৈরি। তাই সেই পৃথিবীকে আরও ভালো করে গড়ে তোলার ক্ষমতাও আমাদের রয়েছে।
কাফকার জীবনকাহিনি আমাদের অনেকের কাছেই পরিচিত মনে হতে পারে। কঠোর বাবার সঙ্গে সম্পর্ক, বিষণ্ণ জীবন, নিজের সম্ভাবনা সম্পর্কে সচেতন হতে না পারা, আমলাতন্ত্রের চাপে পিষ্ট হওয়া কিংবা কোনো স্পষ্ট কারণ ছাড়াই অপরাধবোধ ও উদ্বেগে ভোগা, এসব অভিজ্ঞতা আমাদের সমাজের অনেক মানুষের জীবনেই কমবেশি উপস্থিত।
কাফকার সাহিত্য মহান শুধু অভিনব কোনো বিষয় তুলে ধরার জন্য নয়, বরং অতি সাধারণ মানবিক অভিজ্ঞতাকে অসাধারণ গভীরতায় প্রকাশ করার জন্য। কাফকায়েস্ক তাই নিছক একটি শব্দ নয়, এটি একটি অনুভূতির নাম। এই অনুভূতির মধ্যে রয়েছে দুর্বোধ্য ব্যবস্থার চাপ, নিজের ভেতরের দ্বন্দ্ব এবং সবকিছুর পরও চেষ্টা চালিয়ে যাওয়ার এক অদ্ভুত জেদ।
কাফকা আমাদের মিথ্যা আশ্বাস দেন না, সহজ কোনো সমাধানও দেখান না। বরং আমাদের অন্ধকারের মুখোমুখি দাঁড় করান। আর সেই অন্ধকারের মধ্যেই অন্য মানুষের অভিজ্ঞতার সঙ্গে নিজেদের মিল খুঁজে নিতে সাহায্য করেন। ■