মাউন্টেন ভিউ থেকে দূরে, গুগলের একটি নামহীন গুদামে, একদল যন্ত্র সারাদিন বই উল্টে যায়। প্রতিটি পাতা একবার করে ক্যামেরার সামনে আসে, একটি অস্পষ্ট শব্দে উল্টে যায়, আবার আসে। কোনো মানুষ পাশে বসে পড়ে না। কেউ প্রচ্ছদের গন্ধ শোঁকে না; কেউ পাতার কোণ ভাঁজ করে রাখে না মনে রাখার জন্য। ইসরায়েলের জাতীয় গ্রন্থাগার থেকে একদিন প্রায় নব্বই হাজার বই তুলে আনা হয়েছিল ঠিক এমনই একটি স্ক্যানিং কেন্দ্রে পাঠানোর জন্য, যার মধ্যে ছিল ১৮৮৪ সালে প্রকাশিত এক কবিতার বইও। ২০০৪ সালে শুরু হওয়া এই প্রকল্পে এ পর্যন্ত পাঁচশোরও বেশি ভাষায় চার কোটিরও বেশি বই ডিজিটাইজ করা হয়েছে। এই সংখ্যাটা একবার থামিয়ে ভাবার মতো। মানুষের হাজার বছরের লেখা, একটি কোম্পানির সার্ভারে, একটি অ্যালগরিদমের নাগালের মধ্যে।
এই দৃশ্যটা যতটা না ভবিষ্যতের, ততটাই সুপ্রাচীন এক আকাঙ্ক্ষার পুনরাবৃত্তি। মানুষ বহুবার চেষ্টা করেছে সমস্ত জ্ঞানকে এক জায়গায় জড়ো করতে, আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগার থেকে শুরু করে আজকের ডেটা সেন্টার পর্যন্ত। কিন্তু এবার পার্থক্য একটাই, এই বইগুলো কেবল পড়া হচ্ছে না, এগুলো দিয়ে একটি নতুন ধরনের মন তৈরি করা হচ্ছে। যে মন কখনো ঘুমায় না, কখনো ক্লান্ত হয় না, আর প্রতিটি বাক্যের পরের শব্দটি অনুমান করতে শেখে লক্ষ কোটি বাক্য পড়ে। প্রশ্ন হলো, এই বিশাল কর্মযজ্ঞ কি মানব-জ্ঞানের সবচেয়ে বড় সংরক্ষণ, নাকি এমন এক ভবিষ্যতের সূচনা, যেখানে বই নিজেই একদিন অপ্রয়োজনীয় হয়ে উঠবে? বই কি আসলেই অপ্রয়োজনীয় হওয়ার মতো?
কাদামাটি থেকে কোডে
বইয়ের ইতিহাস শুরু হয় লেখারও আগের এক তাগিদ থেকে, মনে রাখার তাগিদে। মেসোপটেমিয়ায়, খ্রিস্টপূর্ব তৃতীয় সহস্রাব্দে, মানুষ প্রথম ভেজা কাদামাটির ফলকে ত্রিকোণাকৃতির শলাকা দিয়ে চিহ্ন এঁকে তা আগুনে শুকিয়ে নিত। প্রায় একই সময়ে মিশরে, নীলনদের তীরে জন্মানো নলখাগড়া থেকে তৈরি হতে থাকে প্যাপিরাস। হালকা, ভাঁজযোগ্য, কিন্তু নাজুক। শত শত বছর ধরে প্যাপিরাসের স্ক্রল ছিল জ্ঞানের প্রধান বাহক, যদিও একটি সম্পূর্ণ গ্রন্থের সমান স্ক্রল বহন করা আর পড়া, দুটোই ছিল রীতিমতো পরিশ্রমের কাজ।
তারপর এল কোডেক্স, আজকের বইয়ের পূর্বপুরুষ বলা যায়। রোমান সাম্রাজ্যে জন্ম নেওয়া এই নতুন রূপ কাগজের শুধু এক পাশে নয়, দুই পাশেই লেখা যেত, পাতা উল্টিয়ে যেকোনো জায়গায় সরাসরি পৌঁছানো যেত, আর সূচিপত্র রাখাও সহজ হয়ে উঠল। দ্বিতীয় থেকে চতুর্থ শতাব্দীর মধ্যে কোডেক্স ধীরে ধীরে স্ক্রলকে সরিয়ে দেয়, আর এই পরিবর্তনই সম্ভবত মানব ইতিহাসের প্রথম বড় “রিডিং ইন্টারফেস” বিপ্লব। অন্যদিকে, চীনে ইতিমধ্যে ভিন্ন এক পথ তৈরি হচ্ছিল। কাঠের ব্লকে খোদাই করা অক্ষর দিয়ে ছাপা। যার প্রাচীনতম টিকে থাকা নমুনাগুলোর একটি হলো ৮৬৮ খ্রিস্টাব্দের ডায়মন্ড সূত্র, পাঁচ মিটার লম্বা এক স্ক্রল। একাদশ শতাব্দীতে বি শেং তৈরি করেন মাটির ভাসমান অক্ষর, যা পরে কাঠের অক্ষরে রূপান্তরিত হয়। মুদ্রণযন্ত্রের ধারণার প্রথম বীজ।
তবে যে মুহূর্তটি সত্যিকার অর্থে বইকে গণমানুষের হাতে তুলে দেয়, তা ঘটে জার্মানির মাইনৎস শহরে, ১৪৪০-এর দশকে, যখন ইয়োহানেস গুটেনবার্গ তৈরি করেন ধাতব চলনশীল হরফের মুদ্রণযন্ত্র। প্রথমে একে সন্দেহের চোখে দেখা হয়েছিল, এমনকি শয়তানের কাজ বলেও অভিহিত করা হইছিল। কারণ যা এত দ্রুত ছড়িয়ে পড়ে, তা প্রায়ই ভয়ের জন্ম দেয়। কিন্তু কয়েক দশকের মধ্যেই ছাপাখানা ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়ে, বাইবেল লাতিনের বাইরেও মানুষের নিজের ভাষায় ছাপা হতে শুরু করে, আর জ্ঞান প্রথমবারের মতো অভিজাতদের হাত ছেড়ে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে শুরু করে।
বই কখনোই শুধু বস্তু ছিল না। প্রতিটি বই আসলে একটি সিদ্ধান্ত, কোন চিন্তা, কোন কণ্ঠস্বর, কোন মুহূর্তকে সময়ের স্রোতে হারিয়ে যেতে না দেওয়ার সিদ্ধান্ত। রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র বা মানিক বন্দ্যোপাধ্যায়ের পাণ্ডুলিপি যদি কখনো ছাপার অক্ষরে রূপ না পেত, বাংলা ভাষার মানসগঠনই হয়তো আজ ভিন্ন হতো। বই তাই স্মৃতির প্রযুক্তি। সভ্যতার সেই দীর্ঘমেয়াদি স্মৃতিভাণ্ডার, যা প্রজন্ম থেকে প্রজন্মে বিজ্ঞান, ধর্ম, আইন আর কল্পনাকে বহন করে নিয়ে যায়। গণতন্ত্রের ধারণা টিকে থাকে বইয়ে লেখা সংবিধানে; বিজ্ঞানের অগ্রগতি টিকে থাকে জার্নালের পাতায়। একটি ভাষার অস্তিত্বই নির্ভর করে তার লিখিত রূপ কতদিন টিকে থাকে তার ওপর।
যন্ত্র যখন পড়তে শেখে
বৃহৎ ভাষা মডেল বা লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম), সহজ করে বললে যার উপর চ্যাটজিপিটি, ক্লদ বা জেমিনির মতো এআই টুলগুলো দাঁড়িয়ে আছে। সেটি আসলে কাজ করে একটি সহজ কিন্তু বিশাল স্কেলের অনুমানের খেলা দিয়ে। এই মডেলগুলোকে লক্ষ কোটি বাক্য দেখানো হয়, আর প্রতিবার তাদের বলা হয়: পরের শব্দটা কী হতে পারে, অনুমান করো। এই অনুমান যত নিখুঁত হয়, মডেল তত “বুদ্ধিমান” মনে হয়। কিন্তু এই অনুমান শেখার জন্য দরকার হয় বিপুল পরিমাণ, সুসংগঠিত, দীর্ঘ ও ব্যাকরণগতভাবে নির্ভুল লেখা। আর এখানেই বইয়ের গুরুত্ব। একটি টুইট বা ব্লগ পোস্টের তুলনায় একটি উপন্যাস বা প্রবন্ধ অনেক বেশি দীর্ঘ, সুসংগত এবং সম্পাদিত। অনেকটা এলোমেলো কথোপকথন শোনার বদলে একজন দক্ষ বক্তার পুরো বক্তৃতা শোনার মতো। এই কারণেই এআই গবেষকরা বইকে বলেন প্রশিক্ষণ উপাত্তের “উচ্চ ঘনত্বের” উৎস, কম শব্দে বেশি শেখার সুযোগ।
এই ক্ষুধা মেটাতে গিয়ে এআই কোম্পানিগুলো বইয়ের কাছে পৌঁছেছে একাধিক পথে। কিছু বৈধ, কিছু বিতর্কিত, আর কিছু রীতিমতো আইনি লড়াইয়ের কেন্দ্রে। ২০২০ সালে শন প্রেসার নামের এক গবেষক তৈরি করেন “বুকস৩” নামের একটি সংকলন। প্রায় দুই লক্ষ বই, যার উৎস ছিল বিবলিওটিক নামের এক পাইরেসি সাইট। দ্য পাইল নামের একটি উন্মুক্ত ডেটাসেটের অংশ হিসেবে এটি বছরের পর বছর অবাধে ডাউনলোড করা হয়েছে, যতক্ষণ না ২০২৩ সালে ডেনমার্কের এক স্বত্বাধিকার সংস্থার আইনি নোটিশের পর এটি সরিয়ে নেওয়া হয়। মেটা আদালতে স্বীকার করেছে যে তারা লামা মডেল প্রশিক্ষণে এই বুকস৩-এর অংশ ব্যবহার করেছিল। জন গ্রিশাম, জর্জ আর. আর. মার্টিন, জোডি পিকোল্ট আর সারা সিলভারম্যানের মতো লেখকরা এই তালিকায় নিজেদের বই খুঁজে পেয়ে মামলা করেন ওপেনএআই, মেটা, মাইক্রোসফট আর ব্লুমবার্গের বিরুদ্ধে।
এর বিপরীতে আছে গুগলের অনেক পুরোনো ও অনেকটাই ভিন্ন এক পথ। গ্রন্থাগারের সঙ্গে আনুষ্ঠানিক অংশীদারিত্ব। হার্ভার্ড, স্ট্যানফোর্ড, অক্সফোর্ড থেকে শুরু করে বিশ্বের সত্তরটিরও বেশি গ্রন্থাগারের সঙ্গে চুক্তি করে গুগল বই স্ক্যান করেছে, প্রায়ই সরাসরি লাইব্রেরির শেলফ থেকে। কিন্তু এই প্রকল্পও শুরুতে বিতর্কমুক্ত ছিল না। দ্য আটলান্টিকের এক প্রতিবেদন অনুযায়ী, গুগল প্রায় চারশো মিলিয়ন ডলার খরচ করে আড়াই কোটি বই স্ক্যান করেছিল, কিন্তু কপিরাইট জটিলতার কারণে তার বিরাট অংশ এখন কার্যত সুপ্ত অবস্থায় পড়ে আছে, পাঠকের নাগালের বাইরে। অর্থাৎ, ডিজিটাইজেশন মানেই সহজলভ্যতা নয়, অনেক সময় তা কেবল একটি বদ্ধ আর্কাইভে রূপান্তর।
বিরল বই, বিপন্ন ভাষা
সাধারণ বইয়ের চেয়ে ভিন্ন এক প্রশ্ন তোলে বিরল ও নাজুক পাণ্ডুলিপিগুলো। নেপালের কাঠমান্ডু উপত্যকায় দুইশো থেকে আটশো বছরের পুরোনো নেওয়ারি পাণ্ডুলিপি সংরক্ষণের একটি প্রকল্পে দেখা গেছে, ১৯৫২ থেকে ১৯৯১ সালের মধ্যে নেওয়ারি-ভাষী জনসংখ্যা প্রায় পঁচাত্তর শতাংশ থেকে নেমে চুয়াল্লিশ শতাংশে দাঁড়িয়েছে, আর ইউনেস্কো এখন এই ভাষাকে “নিশ্চিতভাবে বিপন্ন” বলে চিহ্নিত করেছে। পশ্চিমবঙ্গেও একই ধরনের সংকট দেখা যাচ্ছে টোটো ভাষার ক্ষেত্রে, যেখানে গবেষকরা একটি ছোট ভাষা মডেল তৈরি করেছেন কেবল হাতেগোনা কিছু নথিভুক্ত বাক্য থেকে, যাতে ভাষাটির লিখিত রূপ হারিয়ে না যায়। চীনের নুশু লিপি, যা ঐতিহাসিকভাবে কেবল নারীদের মধ্যে ব্যবহৃত হতো, সেটি সংরক্ষণের জন্য ডার্টমাউথের গবেষকরা মাত্র পঁয়ত্রিশটি বাক্যের নমুনা দিয়ে একটি এআই মডেলকে প্রশিক্ষণ দিয়েছেন, যা এখন নতুন বাক্য অনুবাদ করে ভাষাটির সংগ্রহশালা বাড়াতে সাহায্য করছে। ইথিওপিয়ার গিজ ভাষার প্রাচীন কপটিক পাণ্ডুলিপি পাঠোদ্ধারেও এআই এখন গবেষক ও ধর্মীয় সম্প্রদায়কে সহায়তা করছে বলে জানিয়েছেন এক “বুক সায়েন্টিস্ট”, যিনি মাইক্রোস্কোপ, ইমেজিং প্রযুক্তি আর এআই দিয়ে প্রাচীন লেখা সংরক্ষণের কাজ করেন।
এখানেই এআইয়ের দ্বৈত চরিত্র সবচেয়ে স্পষ্ট হয়ে ওঠে। একদিকে, প্রযুক্তি এমন এক গতি ও নির্ভুলতা নিয়ে আসতে পারে, যা মানুষের একার পক্ষে কয়েক প্রজন্মেও সম্ভব নয়। নাজুক তালপাতা বা রেশমি কাপড়ে লেখা ভাষা, যা হয়তো কোনো এক বৃদ্ধার স্মৃতিতেই কেবল অবশিষ্ট, তা লিপিবদ্ধ করে রাখা। অন্যদিকে, এই একই প্রযুক্তি প্রশ্ন তোলে। কার অনুমতিতে, কার লাভের জন্য, আর কার সংস্কৃতির ওপর নিয়ন্ত্রণ রেখে এই সংরক্ষণ ঘটছে। সংরক্ষণ আর শোষণের মধ্যে সীমারেখা কখনো কখনো বিস্ময়করভাবে সরু।
আদালতের ভেতরে যুদ্ধ
বই আর এআইয়ের এই সংঘাত এখন সবচেয়ে স্পষ্টভাবে দেখা যাচ্ছে আদালতে। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সার্কিট আপিল আদালত রায় দেয় যে গুগলের বই স্ক্যান করে সার্চযোগ্য করে তোলা “ফেয়ার ইউজ” বা ন্যায্য ব্যবহারের আওতায় পড়ে, কারণ এটি মূল রচনার বাজারের কোনো প্রকৃত বিকল্প তৈরি করে না। প্রায় এক দশক পর, ২০২৪ সালের সেপ্টেম্বরে, একই আদালত সম্পূর্ণ ভিন্ন উপসংহারে পৌঁছায় ইন্টারনেট আর্কাইভের বিরুদ্ধে করা এক মামলায়। আদালত জানায়, লাইব্রেরির ভৌত সংগ্রহের ভিত্তিতে বই ডিজিটাল রূপে ধার দেওয়ার এই ব্যবস্থা প্রকাশকদের ই-বুক লাইসেন্সের সরাসরি প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়ায়, তাই তা ন্যায্য ব্যবহার নয়। দুটি রায়ের মধ্যে এই পার্থক্যই দেখিয়ে দেয়, “ন্যায্য ব্যবহার” কোনো এক-সূত্রী নিয়ম নয়, এটি নির্ভর করে উদ্দেশ্য, রূপান্তরের মাত্রা আর বাজারের ওপর প্রভাবের ওপর।
এআই প্রশিক্ষণের প্রশ্নে সবচেয়ে বড় ধাক্কাটি আসে অ্যানথ্রপিকের বিরুদ্ধে করা মামলায়। লেখক আন্দ্রেয়া বার্টজ, চার্লস গ্রেবার আর কার্ক ওয়ালেস জনসনের করা এই মামলায় বিচারক উইলিয়াম অ্যালসাপ ২০২৫ সালের জুনে জানান, বৈধভাবে সংগ্রহ করা বই দিয়ে এআই প্রশিক্ষণ ন্যায্য ব্যবহার হতে পারে, কিন্তু পাইরেটেড উৎস থেকে বই সংগ্রহ করা ন্যায্য ব্যবহারের সুরক্ষা পায় না। এরপর সেপ্টেম্বরে ঘোষিত হয় এক ঐতিহাসিক নিষ্পত্তি। অ্যানথ্রপিক প্রায় পাঁচ লক্ষ বইয়ের লেখক ও প্রকাশককে দেড় বিলিয়ন ডলার দিতে সম্মত হয়, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় কপিরাইট নিষ্পত্তি বলে বিবেচিত হচ্ছে। প্রিন্সটন ইউনিভার্সিটি প্রেসের হিসাব অনুযায়ী, এর অর্থ প্রতিটি শিরোনামের জন্য প্রায় তিন হাজার ডলার। ২০২৬ সালের জুলাইয়ে আদালত এই নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদন দেয়, আর অ্যানথ্রপিককে নির্দেশ দেওয়া হয় পাইরেটেড উৎস থেকে ডাউনলোড করা মূল ফাইলগুলো ধ্বংস করে ফেলতে।
অন্যদিকে, ২০২৩ সালের ডিসেম্বরে দায়ের হওয়া দ্য নিউ ইয়র্ক টাইমস বনাম ওপেনএআই ও মাইক্রোসফট মামলাটি এখনো চলমান, এবং ২০২৬ সালেও তা আদালতে “ডিসকভারি” বা প্রমাণ সংগ্রহের পর্যায়ে রয়েছে। এই মামলাটি বই নিয়ে না হলেও এর রায় ভবিষ্যতে বই-সংক্রান্ত মামলাগুলোর দিকনির্দেশক হয়ে উঠতে পারে, কারণ এখানেও মূল প্রশ্ন একই, সাংবাদিকতা বা সাহিত্য থেকে শেখা আর তার প্রতিরূপ তৈরি করার মধ্যে সীমারেখা কোথায়।
এই মামলাগুলোর প্রতিটি পক্ষের যুক্তি একে অপরের থেকে আলাদা, অথচ প্রতিটিরই নিজস্ব ন্যায্যতা আছে। লেখকদের যুক্তি সহজ, তাদের বছরের পর বছরের শ্রম যদি একটি বাণিজ্যিক পণ্যের ভিত্তি হয়ে ওঠে, তবে তার স্বীকৃতি ও ক্ষতিপূরণ প্রাপ্য। প্রকাশকদের যুক্তি, ধার দেওয়ার লাইসেন্সবিহীন কোনো ব্যবস্থা তাদের বৈধ ই-বুক বাজারকে ক্ষতিগ্রস্ত করে। আবার এআই কোম্পানি ও গবেষকদের যুক্তি, নতুন জ্ঞান তৈরির জন্য পুরোনো জ্ঞান থেকে শেখা মানব সভ্যতার চিরায়ত রীতি, আর সৃজনশীলতা কখনোই শূন্য থেকে জন্মায় না। এই তিনটি যুক্তির কোনোটিই সম্পূর্ণ ভুল নয়, আর এখানেই আইন ও নীতিনির্ধারণের আসল কঠিনতা।
মানুষ পড়ে, যন্ত্র গণনা করে
কিন্তু আইনি লড়াইয়ের বাইরে একটি প্রশ্ন আরও গভীর, আরও অস্বস্তিকর। একটি মেশিন কি আদৌ “পড়ে”? যখন একটি ভাষা মডেল একটি উপন্যাসের হাজার হাজার পৃষ্ঠা প্রক্রিয়া করে, তখন সে আসলে কী করে। বোঝে, নাকি কেবল পরিসংখ্যানগতভাবে শব্দের ধরন চিনে নেয়? মানুষ যখন একটি বই পড়ে, তখন সে কেবল তথ্য গ্রহণ করে না। সে থামে, ফিরে যায়, প্রশ্ন করে, নিজের জীবনের সঙ্গে মিলিয়ে নেয়, কখনো বইটি বন্ধ করে জানালার বাইরে তাকিয়ে থাকে। এই থামাটাই হয়তো পড়ার আসল অর্থ, আর সেটাই একটি যন্ত্রের পক্ষে অনুকরণ করা সবচেয়ে কঠিন।
ডিজিটাল সংগ্রহশালা নিয়ে গবেষকরা প্রায়ই আলেকজান্দ্রিয়ার গ্রন্থাগারের রূপকটি ব্যবহার করেন। কিন্তু গ্লাসগো বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা বলে। এই রূপকটি বহুব্যবহারে ক্ষয়ে গেছে, আর তা আধুনিক ডিজিটাল গ্রন্থাগারের প্রকৃত জটিলতাকে ধরতে ব্যর্থ হয়। এই সতর্কতাটি গুরুত্বপূর্ণ, কারণ একটি আর্কাইভের অস্তিত্বকে প্রকৃত পাঠ, ব্যাখ্যা আর শিক্ষাদানের সঙ্গে গুলিয়ে ফেলার একটি প্রবণতা রয়েছে। বই জমা রাখা আর বই বোঝার মধ্যে বিস্তর ফারাক।
তাহলে কি ভবিষ্যৎ প্রজন্ম কম বই পড়বে? নাকি এআই আসলে পড়াকে আরও গুরুত্বপূর্ণ করে তুলবে, কারণ যখন সারাংশ আর প্রশ্নোত্তর সহজলভ্য হয়ে যায়, তখন মূল রচনার গভীরতায় ডুব দেওয়াই হয়ে ওঠে এক সচেতন সিদ্ধান্ত? এই প্রশ্নের কোনো চূড়ান্ত উত্তর নেই, আর সততার সঙ্গে বলতে গেলে, এখনই কারো কাছে তা থাকার কথাও নয়।
যা এখনো অনিশ্চিত
ভবিষ্যতে সম্ভবত আমরা দেখব লাইব্রেরি আর এআই কোম্পানির মধ্যে আরও অনেক লাইসেন্সিং চুক্তি, যেখানে লেখকরা প্রথম থেকেই ক্ষতিপূরণের অংশীদার হবেন। অ্যানথ্রপিক নিষ্পত্তির পর এই মডেলটিই এখন শিল্পের নতুন মানদণ্ড হয়ে উঠতে পারে। আমরা হয়তো দেখব বিপন্ন ভাষা ও পাণ্ডুলিপি সংরক্ষণে এআইয়ের ভূমিকা আরও বাড়বে, বিশেষত যেসব ভাষার লিখিত রূপ এমনিতেই বিলুপ্তির পথে। আর আমরা এটাও দেখতে পারি যে বই, তার প্রাচীনতম রূপেই, টিকে থাকবে। কারণ প্রতিটি প্রযুক্তি বিপ্লবের পরও মানুষ থেমে থেমে পড়ার, ভাবার আর একা থাকার তাগিদ হারায়নি।
সেই গুদামের যন্ত্রগুলো এখনো পাতা উল্টে যাচ্ছে। প্রতিটি স্ক্যানের সঙ্গে একটি প্রশ্নও উল্টে যাচ্ছে সময়ের পাতায়। আমরা কি জ্ঞানকে বাঁচিয়ে রাখছি, নাকি তাকে এমন এক রূপে বদলে দিচ্ছি, যেখানে বইয়ের শেষ পাঠক আর কোনো মানুষ থাকবে না? এই মুহূর্তে উত্তরটা এখনো লেখা হচ্ছে, আর ইতিহাস যা শিখিয়েছে, তা হলো, বইয়ের ভবিষ্যৎ নিয়ে প্রতিটি আশঙ্কার উত্তর শেষ পর্যন্ত দিয়েছে নতুন এক পাঠক প্রজন্ম, যারা নিজেদের মতো করে পড়তে শিখে নিয়েছে।